চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক–কর আদায়ে ঘাটতি হয়েছে ৭১ হাজার ৪৭২ কোটি টাকা। এর আগে জুলাই-জানুয়ারি রাজস্ব ঘাটতি ছিল ৬০ হাকার কোটি টাকার বেশি ছিল।
এনবিআরের হালনাগাদ তথ্য সূত্রে জানা গেছে, জুলাই–ফেব্রুয়ারি সময়ে ৩ লাখ ২৫ হাজার ৮০২ কোটি টাকার শুল্ক–কর আদায়ের লক্ষ্য ছিল এনবিআরের। এ সময়ে আদায় হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৩৩০ কোটি টাকা। ঘাটতির পরিমাণ ৭১ হাজার ৪৭২ কোটি টাকা। আলোচ্য সময়ে প্রবৃদ্ধি ১২ দশমিক ৩৬ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে ২ লাখ ২৬ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল।
হালনাগাদ প্রতিবেদন সূত্রে জানা গেছে, জুলাই–ফেব্রুয়ারি সময়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও আয়কর- এই তিন খাতের মধ্যে কোনো খাতেই লক্ষ্য অর্জন হয়নি।
তবে এই তিন খাতে যথাক্রমে ৮ দশমিক ৮১ শতাংশ, ১৪ দশমিক ৮৪ শতাংশ ও ১২ দশমিক ৭১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
আলোচ্য সময়ে সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে।৮ মাসে ঘাটতি হয় ৩৩ হাজার ৩৭৩ কোটি টাকা। এ খাতে আদায়ের লক্ষ্য ছিল ১ লাখ ১৮ হাজার ৫০৯ কোটি টাকা। এ সময়ে আদায় হয়েছে ৮৫ হাজার ১৩৬ কোটি টাকা।
আমদানি শুল্ক খাতে ১৭ হাজার ১৬৬ কোটি টাকা ঘাটতি হয়। এ সময় এ খাতে ৮৯ হাজার ৭৮ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে ৭১ হাজার ৯১২ কোটি টাকা।
গত জুলাই–ফেব্রুয়ারিতে ভ্যাট বা মূসক আদায় হয়েছে ৯৭ হাজার ২৮২ কোটি টাকা। এ সময়ে এ খাতের লক্ষ্য ছিল ১ লাখ ১৮ হাজার ২১৪ কোটি টাকা।
গত বছরের একই সময়ে আমদানি শুল্ক থেকে ৬৬ হাজার ৮৯ কোটি টাকা, ভ্যাট থেকে ৮৫ হাজার ৭১৯ কোটি টাকা ও আয়কর থেকে ৭৫ হাজার ৫৩৭ কোটি টাকার রাজস্ব আদায় করা হয়েছিল।
এসএম/এনএইচআর
এডমিন 















