আতঙ্ক সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা যেন সফল না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, প্রশাসন থেকে শুরু করে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছে এবং এরপরও জনগণের একটা দায়িত্ব এই একটা দিন অন্তত দেশের জন্য এগিয়ে আসা। রাতে যেন কেউ ভোট চুরি করতে না পারে। রাতে যেন কেউ কেন্দ্র দখল করতে না পারে এবং আতঙ্ক সৃষ্টি করে নির্বাচন বানাচাল করার চেষ্টা যেন সফল না হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, যেই গণতন্ত্রের জন্য বাংলাদেশের দীর্ঘদিনের লড়াই এবং সর্বশেষ গণভুত্থানের মধ্যদিয়ে যে গণতন্ত্র আমরা পুনরুদ্ধার করতে চাচ্ছি, সেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আমাদের আবার লড়াই করতে হবে, আবার মাঠে নেমে আসতে হবে। আপনাদের যার বাড়ির আশপাশে যেই কেন্দ্র আছে, সেই কেন্দ্রে যেন ভোটচুরি না হয়। আজ রাতটা যেন সেই কেন্দ্রটা নিরাপদে থাকে সেটা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব।
তিনি আরও বলেন, একই সঙ্গে আজ রাতে যে প্যানিক সৃষ্টি করা হলো, বিভিন্ন জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করে, হামলা করে যে প্যানিক সৃষ্টি করলো বিএনপির পক্ষ থেকে; আতঙ্কিত হয়ে কেউ যেন আবার ভোটকেন্দ্রে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত না হয় সেটা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব এবং দেশের জনগণের প্রতি আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমদের পক্ষ থেকে আহ্বান থাকবে যে অবশ্যই আপনাদের ভোট দিতে হবে।
এনসিপির এই নেতা বলেন, ৫ আগস্ট (২০২৪) পূর্ববর্তী সময়ে যেই পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির মধ্যে আছি। আমরা সেই সময়ে যেমন শঙ্কায় থাকতাম যে আমরা কোনোকিছু মিডিয়াতে বললে সেটা প্রচার হবে কি না, কিংবা কোথাও কোনো অনিয়ম হলে বা কাউকে গুলি করে মারা হলে বা কারও ওপর হামলা হলে সেটা প্রচার হচ্ছে কি না, এখন আমরা সেরকম একটা পরিস্থিতিতে আছি। সেক্ষেত্রে আমাদের আবার একটু সেই সময়টা রিকল করার সময় এসেছে। সেই স্ট্র্যাটেজিগুলো নেওয়ার সময় এসেছে। এখন যদি মেইন স্ট্রিম মিডিয়া আমাদের সহযোগিতা না করে, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যতটুকু সক্ষমতা আছে, সেগুলো নিয়ে দেশবাসীর কাছে তুলে ধরতে হবে যে কোথায় কী কী অনিয়ম হচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এনএস/ইএ
এডমিন 














