নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগে এনসিপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত ফতুল্লার পঞ্চবটি গুলশান রোড এলাকায় ইয়াসিন আরাফাত ও আলিফ গ্রুপের মধ্যে কয়েক দফায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা এনসিপির সংগঠক আলিফ বলেন, ইয়াসিন আরাফাতের কোনো পদ-পদবি নেই। তিনি নির্বাচনের সময় আমাদের সঙ্গে ছিলেন। এখন পঞ্চবটি মোড়ে ফুটপাতে চাঁদাবাজি করেন। এ বিষয় প্রতিবাদ করায় আমাদের এনায়েতনগর ইউনিয়ন এনসিপির সংগঠক বিপ্লবকে রাস্তা থেকে ধরে ইয়াসিন আরাফাত তাদের রোলিং মিলে নিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ইয়াছিন আরাফাত জানান, তিনি পঞ্চবটি এলাকার এমদেদিয়া রোলিং মিলের মালিক। শনিবার বিকেলে আলিফের নেতৃত্বে সাব্বির, বিপ্লব, সিয়াম, রাসেলসহ একটি দল তার মালিকানাধীন পঞ্চবটি এমদেদিয়া রোলিং মিলে এসে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তাদের প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ চারজনকে মারধর করেন। সেই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে চাঁদা না দিলে রোলিং মিল জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যান। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মোবাশ্বির শ্রাবণ/বিএ
এডমিন 


















