ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজারের টেকনাফে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারদের উপস্থিতিও বৃদ্ধি পেয়েছে।
কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি। নারী ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধৈর্যের সঙ্গে ভোট দিচ্ছেন। অনেকেই সকালেই কেন্দ্রে এসে ভোট প্রদান করেন।
হোয়াইক্যং ইউনিয়নের এক নারী ভোটার রহিমা বেগম বলেন, সকালেই ভোট দিতে এসেছি। সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে।
শামলাপুরের সালমা আক্তার বলেন, আমরা সকাল থেকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে চলে এসেছি এবং ভোট দিয়েছি। তবে নারী ভোটার উপস্থিতি বেশি।
টেকনাফের উত্তর শীলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জাহাঙ্গীর আলম বলেন, সকাল থেকে ভোটাররা কেন্দ্রে এসে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন। এ পর্যন্ত নারী ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ নির্ধারিত সময় পর্যন্ত চলবে।
জাহাঙ্গীর আলম/এনএইচআর/এএসএম
এডমিন 


















