চট্টগ্রাম নগরে পাকিস্তানি ব্র্যান্ডের পোশাককে বাংলাদেশি দাবি করে বিক্রিসহ বিভিন্ন অভিযোগে চার প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) ফিনলে সাউথ সিটি মার্কেটে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। অভিযুক্তদের বিরুদ্ধে পণ্যের প্রকৃত উৎস গোপন করা, বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিক্রি ও মূল্য তালিকা না রাখার অভিযোগ আনা হয়।
অভিযানে ফর ইউর আবায়াকে ১৫ হাজার, গোজালকে ৩০ হাজার, ইরানি বোরকা হাউসকে ১৫ হাজার ও খাদিঘরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, কিছু পোশাকে পাকিস্তানি ব্র্যান্ডের নাম- যেমন আগানুর ও সাদাবাহার উল্লেখ থাকলেও বিক্রেতারা তা বাংলাদেশি ব্র্যান্ড বলে দাবি করছিলেন। আবার কিছু পণ্যে উৎপাদন দেশের কোনো তথ্যই ছিল না, বিদেশি পণ্য বলে বিক্রি করা হচ্ছিল। অনেক ক্ষেত্রে মূল্যও উল্লেখ করা হয়নি।
তিনি বলেন, কিছু বোরকায় মেড ইন ইউএই লেখা থাকলেও এর কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি বিক্রেতারা। এতে সাধারণ ভোক্তার কাছে এগুলো মেড ইন সৌদি আরব বা মেড ইন ইরান বলে বিক্রি করার সুযোগ তৈরি হয়।
এছাড়া খোলা বাজার থেকে লুঙ্গি এনে খাদিঘর ব্র্যান্ডের পণ্য হিসেবে বিক্রির অভিযোগও পাওয়া গেছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।
ভোক্তা-অধিকারের এ কর্মকর্তা জানান, বাজারে ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে এবং অনিয়ম পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআরএএইচ/একিউএফ
এডমিন 


















