দেশে বন্ধ হওয়া পাটকলগুলো চালুসহ বেশকিছু দাবি নিয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের প্রতিনিধিরা।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাঈদ আল নোমানের নেতৃত্বে তারা প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
এ সময় শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান বলেন, বন্ধ থাকা পাটকলকে রাষ্ট্রীয়ভাবে পাইলটিং করে চালু করতে হবে। এজন্য এ খাতে উন্নত কারিগরি সহায়তা এনে, বেসরকারি মডেলের মতো পাট মিল থেকে অতিরিক্ত লোকবল আর ব্যবস্থাপনার জন্য মাথাভারী প্রশাসন বাদ দিয়ে মিলগুলো চালু করলে তা লাভজনক হবে।
আরও পড়ুন
এলএনজিতে এপ্রিলে ভর্তুকি লাগবে সাড়ে ৪ হাজার কোটি টাকা
জ্বালানি সংকটে সিলেটের শাহজালাল সার কারখানায় উৎপাদন বন্ধ
জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা এ সময় আরও কিছু দাবি লিখিতভাবে পেশ করেন। এরমধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো- পলিথিনের কাঁচামাল আমদানি ও ব্যবহার নিষিদ্ধ করা, পাটকে কৃষি শিল্প হিসেবে শিল্প সুবিধাদি দেওয়া, পাটকল শ্রমিকদের বিধিগত সমুদয় পাওনা পরিশোধ, মিলগুলোর মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়া থেকে সংরক্ষণে ব্যবস্থা নেওয়া।
এরপর বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকার বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়াতে উদ্যোগ নিচ্ছে। সরকার ২০টি কারখানা বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দিতে কাজ করছে, যার মধ্যে ১৪টির লিজ প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে।
এনএইচ/কেএসআর
এডমিন 


















