ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত সবসময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে এবং ভবিষ্যতেও সেই সমর্থন অব্যাহত রাখবে।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, এ ধরনের আয়োজনে দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দৃঢ় বন্ধনের কথা নতুন করে স্মরণ করিয়ে দেয়। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক যোগাযোগ ও এমন সামাজিক উদ্যোগ বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
প্রণয় ভার্মা বলেন, দুই দেশের মধ্যে সমৃদ্ধ ইতিহাস ও গভীর সাংস্কৃতিক বন্ধন রয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দুই দেশের মানুষের অভিন্ন ত্যাগ ও সহযোগিতার স্মৃতি এই সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
তিনি বলেন, এখন দুই দেশ এমন এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে একসঙ্গে কাজ করার মাধ্যমে শুধু বাংলাদেশ ও ভারতের নয়, বরং পুরো অঞ্চলের সমৃদ্ধি অর্জন সম্ভব।
ইফতার অনুষ্ঠানে উপস্থিত অতিথি এবং রোজা পালনকারী বাংলাদেশিদের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, রমজান মাস সহমর্মিতা, করুণা ও অন্তর্ভুক্তির মতো মানবিক মূল্যবোধকে জাগ্রত করে। এই মাস সবার জন্য সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক—এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ভারতীয় হাইকমিশন আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
এছাড়া প্রধানমন্ত্রীর কয়েকজন উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাবেক ও বর্তমান জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
জেপিআই/এমকেআর
এডমিন 


















