হাতভর্তি ট্যাটু, কাচা-পাকা লম্বা চুল। হলুদ রোদচশমা তুলে রাখা কপালেরও ওপরে। মুখে মায়াময় হাসি। কে বলবে ‘রাক্ষস’ সিনেমার ভয়ঙ্কর ভিলেন তিনি! নিজের সিনেমা দেখতে হাজির হয়েছেন পান্থপথের স্টার সিনেপ্লেক্সে।
ঈদুল ফিতরে মুক্তি পাওয়া অন্যতম আলোচিত সিনেমা ‘রাক্ষস’-এ অভিনয় করেছেন আবরার আতহার। চরিত্রের নাম ‘আয়ান’। নেতিবাচক চরিত্র হলেও দর্শক প্রতিক্রিয়া ইতিবাচক। ভূমিকাটিও ছোট, তবে সিনেমাটির অংশ হওয়ার ‘লোভ’ সামলাতে পারেননি তিনি। জাগো নিউজকে তিনি বলেন, ‘আমি সিনেমাযজ্ঞের সঙ্গে থাকতে ভালোবাসি। সিনেমায় যে কোনো কাজের, সেটা হোক অভিনয় বা নির্মাণ, প্রতি আমার আগ্রহ আছে। তাই অভিনয়ও করছি।’
আবরার আতহার একজন নির্মাতা। মনে করিয়ে দেওয়া যেতে পারে ২০২০ সালে নিশো, শরিফুল রাজ ও শ্যামর মাওলাকে নিয়ে তিনি বানিয়েছিলেন ‘মাইনকার চিপা’। ভারতীয় ওটিটি জিফাইভে মুক্তি পায় সেটি। তারপর বিজ্ঞাপন বানানোয় ব্যস্ত হয়ে পড়েন আবরার। বছরের বেশিরভাগ সময় তাকে থাকতে কাটাতে হয় যুক্তরাজ্যে।
গতকাল লন্ডন থেকে ফিরেছেন আবরার। তারপর চলে এসেছেন মাল্টিপ্লেক্সে। লোকমুখে আর সামাজিক মাধ্যমে জেনেছেন, তাদের ‘রাক্ষস’ নাকি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। জাগো নিউজকে তিনি বলেন, ‘শুনলাম সিনেমাটা খুব ভালো চলছে। তাই নিজের কাজটা বড় পর্দায় দেখার জন্যই আজ আসা।’
আবরার জানালেন, বিজ্ঞাপনের কাজ করতে হয় বলে নিয়মিত বড়পর্দার থাকা তার পক্ষ সম্ভব নয়। তবে ধীরে ধীরে সিনেমার কাজে নিজেকে সম্পৃক্ত করছেন। শিগগিরই নিজের নতুন সিনেমার ঘোষণা দেবেন।
আজ (২৬ মার্চ) বৃহস্পতিবার পান্থপথ সিনেপ্লেক্স পরিদর্শনে আসেন ‘রাক্ষস’ ছবির প্রযোজক শাহরিন আক্তার। জাগো নিউজকে তিনি জানান, ছবিটি প্রত্যাশার চেয়ে ভালো যাচ্ছে। মাল্টিপ্লেক্সে শো বেড়েছে, আগামী মাসে একপর্দার হলেও ছবিটি দেওয়া হবে। তারপর দেশের বাইরে মুক্তির পরিকল্পনা রয়েছে।
‘রাক্ষস’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়, আলীরাজ, সোহেল মণ্ডল, নাজনীন হাসান চুমকী প্রমুখ।
এমআই/আরএমডি
এডমিন 

















