শিফন শাড়ি তার হালকা ও নরম গঠনের জন্য সবসময়ই নারীদের আকর্ষণ করে। আরামদায়ক হওয়ায় এই শাড়ি শুধু বিশেষ অনুষ্ঠানেই নয়, দৈনন্দিন ব্যবহারেও জনপ্রিয় হয়ে উঠছে। তবে এর সৌন্দর্য ধরে রাখতে হলে সঠিক যত্ন ও সংরক্ষণ খুবই জরুরি। কারণ শিফন কাপড় বেশ সূক্ষ্ম হওয়ায় একটু অসতর্কতাতেই এটি ক্ষতিগ্রস্ত হতে পারে।
তাই আপনার প্রিয় শিফন শাড়িটি দীর্ঘদিন নতুনের মতো রাখতে কিছু সহজ কিন্তু কার্যকর নিয়ম মেনে চলা প্রয়োজন।
পরিষ্কার রাখাই প্রথম শর্ত
শাড়ি আলমারিতে রাখার আগে সেটি ভালোভাবে পরিষ্কার করা জরুরি। অনেক সময় পারফিউম, ঘাম বা অন্য কোনো তরল পদার্থের দাগ থেকে যায়, যা পরে হলুদ দাগে পরিণত হতে পারে। তাই শিফন শাড়ি সংরক্ষণের আগে ড্রাই ক্লিন করানোই সবচেয়ে নিরাপদ উপায়। তবে যদি শাড়িটি সিন্থেটিক শিফনের হয়, তাহলে আপনি হালকা ডিটারজেন্ট দিয়ে হাতে ধুয়ে নিতে পারেন। এক্ষেত্রে খুব জোরে ঘষা বা মুচড়ানো এড়িয়ে চলতে হবে, কারণ এতে কাপড়ের ফাইবার দুর্বল হয়ে যেতে পারে এবং রং ও ফিকে হয়ে যেতে পারে।

ইন্টারলেভিং ম্যাটেরিয়াল ব্যবহার
শিফন শাড়ির সবচেয়ে ঘষলে নষ্ট হয়ে যায়। বিশেষ করে যদি শাড়িতে সূচিকর্ম, সিকুইন বা জরির কাজ থাকে, তাহলে এগুলো সহজেই কাপড়ের সূক্ষ্ম সুতোয় আটকে গিয়ে ক্ষতি করতে পারে। এই সমস্যা এড়াতে শাড়ির ভাঁজের মধ্যে অ্যাসিড-মুক্ত টিস্যু পেপার ব্যবহার করুন। এটি একটি সুরক্ষা স্তর তৈরি করে, যা শাড়ির বিভিন্ন অংশকে একে অপরের সঙ্গে ঘষা লাগা থেকে রক্ষা করে। ফলে শাড়ির কারুকাজ বা ডিজাইন দীর্ঘদিন ভালো থাকে এবং শাড়ির সৌন্দর্য বজায় থাকে।
প্রাকৃতিক পোকামাকড় প্রতিরোধ
শিফন শাড়িতে অনেক সময় সিল্কের উপাদান থাকে, যা পোকামাকড় আকর্ষণ করতে পারে। তবে অনেকেই আলমারিতে ন্যাপথলিন বল ব্যবহার করেন, যা সরাসরি কাপড়ের সংস্পর্শে এলে ক্ষতি করতে পারে এবং রং বিবর্ণ করে দেয়। এর পরিবর্তে প্রাকৃতিক উপায় বেছে নেওয়া ভালো। যেমন সিডার কাঠ, শুকনো নিম পাতা বা শুকনো কমলার খোসা ছোট প্যাকেটে রেখে আলমারির কোণে রাখতে পারেন। এগুলো পোকামাকড় দূরে রাখার পাশাপাশি হালকা প্রাকৃতিক সুগন্ধও ছড়াবে, যা কাপড়কে সতেজ রাখবে।

সঠিকভাবে ভাঁজ করা জরুরি
শাড়ি সংরক্ষণের ক্ষেত্রে ভাঁজ করার পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ। শিফন শাড়ি সবসময় আলগাভাবে ভাঁজ করে রাখতে হবে। বেশি টাইট করে ভাঁজ করলে কাপড়ে স্থায়ী দাগ পড়ে যেতে পারে এবং এর গঠন নষ্ট হয়ে যেতে পারে।
ভাঁজ করার আগে নিশ্চিত করুন যে শাড়িটি সম্পূর্ণ শুকনো। সামান্য ভেজা থাকলেও তা ছত্রাক বা বাজে গন্ধের কারণ হতে পারে। তাই ধোয়ার পর ভালোভাবে শুকিয়ে তারপর সংরক্ষণ করা উচিত।

সঠিক স্টোরেজ নির্বাচন
শিফন শাড়ি সংরক্ষণের জন্য উপযুক্ত জায়গা নির্বাচন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সরাসরি সূর্যালোক থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখতে হবে। বেশি আলো বা আর্দ্রতা কাপড়ের রঙ নষ্ট হতে পারে এবং ফাইবার দুর্বল করে দেয়।
আলমারির ভেতরে শাড়ি রাখার সময় অন্য ভারী কাপড়ের নিচে না রাখাই ভালো। এতে শাড়ির ওপর চাপ পড়ে এবং এর গঠন নষ্ট হতে পারে।
দীর্ঘদিন নতুনের মতো রাখার কৌশল
মাঝে মাঝে শাড়ি বের করে হালকা বাতাসে রেখে দিলে কাপড় সতেজ থাকে। একইভাবে ভাঁজের অবস্থানও পরিবর্তন করলে স্থায়ী ভাঁজের দাগ পড়ার সম্ভাবনা কমে যায়। যত্ন ও সচেতনতা থাকলে একটি শিফন শাড়ি বছরের পর বছর তার সৌন্দর্য ধরে রাখতে পারে। তাই একটু যত্ন নিলেই আপনার প্রিয় শাড়িটি হয়ে উঠবে দীর্ঘদিনের সঙ্গী।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এসএকেওয়াই
এডমিন 


















