পান্তা ভাত বাংলার এক ঐতিহ্যবাহী খাবার, যার সঙ্গে জড়িয়ে আছে গ্রামীণ জীবন, গরমের সকাল আর সহজ-সরল খাদ্যাভ্যাসের গল্প। একসময় এটি ছিল দরিদ্র মানুষের প্রয়োজনের খাবার। শহুরে জীবনে পান্তা ভাতের স্থান নেই বললেই চলে। তবে শখের বশে নববর্ষ বা বিভিন্ন উৎসবে খাওয়া হয় পান্তা ভাত। কিন্তু এখন ধীরে ধীরে এর পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা নতুন করে আলোচনায় আসছে। বিশেষ করে গরমকালে পান্তা ভাত শুধু স্বস্তিই দেয় না, শরীরের জন্যও নানা দিক থেকে উপকারী।
পান্তা ভাত আসলে কী
পান্তা ভাত মূলত আগের রাতের অবশিষ্ট ভাত পানি দিয়ে ভিজিয়ে রেখে তৈরি করা হয়। রাতভর পানিতে থাকার ফলে ভাতের ভেতরে স্বাভাবিকভাবেই একটি পরিবর্তন ঘটে, যাকে বলা হয় ফারমেন্টেশন। এই প্রক্রিয়ায় ভাতে জন্ম নেয় কিছু উপকারী ব্যাকটেরিয়া, যা আমাদের শরীরের জন্য ভালো। এই ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় প্রোবায়োটিক, এটি অন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ফারমেন্টেশনের বৈজ্ঞানিক দিক
ফারমেন্টেশন কোনো নতুন বিষয় নয়। প্রাচীনকাল থেকেই মানুষ খাবার সংরক্ষণ ও স্বাদ বাড়ানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করে আসছে। সময়ের সঙ্গে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, এই প্রক্রিয়া শুধু খাবারের স্বাদই বাড়ায় না, বরং পুষ্টিগুণও বাড়িয়ে দেয়।
ফারমেন্টেশনের সময় বিশেষ ধরনের ব্যাকটেরিয়া, বিশেষ করে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া সক্রিয় হয়। তারা এনজাইমের মাধ্যমে খাবারের ভেতরে ভিটামিন, খনিজ ও অ্যামিনো অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে তোলে। ফলে সাধারণ ভাতের তুলনায় পান্তা ভাত হয়ে ওঠে আরও পুষ্টিকর।
পেট ভালো রাখতে পান্তা ভাত
পান্তা ভাত অন্ত্রের জন্য অত্যন্ত উপকারী। এতে থাকা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়, যা হজম প্রক্রিয়াকে সহজ করে। যারা নিয়মিত গ্যাস, অম্বল বা পেটের সমস্যায় রয়েছে, তাদের জন্য পান্তা ভাত একটি সহজ ও প্রাকৃতিক সমাধান হতে পারে।এটি শুধু হজমেই সাহায্য করে না, বরং শরীরের পুষ্টি শোষণ ক্ষমতাও বাড়ায়, ফলে খাবার থেকে ভালো উপকার পাওয়া যায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
অন্ত্রের সুস্থতা সরাসরি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে সম্পর্কিত। পান্তা ভাতে থাকা উপকারী ব্যাকটেরিয়া শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, ফারমেন্টেড খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য থাকে, যা শরীরকে বিভিন্ন সংক্রমণ ও দীর্ঘমেয়াদি রোগ থেকে রক্ষা করতে সহায়ক হতে পারে।
গরমে শক্তি ও সতেজতা দেয়
গরমকালে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে এবং ঘামের মাধ্যমে অনেক প্রয়োজনীয় উপাদান বেরিয়ে যায়। এই সময় পান্তা ভাত শরীরকে দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে। ভাতে থাকা কার্বোহাইড্রেট সহজে ভেঙে শক্তিতে রূপান্তরিত হয়, ফলে শরীর সতেজ থাকে। পান্তা ভাতে পানির পরিমাণ বেশি থাকায় এটি শরীরের পানিশূন্যতা দূর করতে সাহায্য করে। একই সঙ্গে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে।
হজম ও বিপাকক্রিয়ায় সাহায্য করে
ফারমেন্টেশনের কারণে পান্তা ভাতে ভিটামিন ও অ্যামিনো অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, যা শরীরের বিপাকক্রিয়া উন্নত করে। নিয়মিত পরিমিত পরিমাণে পান্তা ভাত খেলে হজম শক্তি বাড়ে এবং পেটের নানা সমস্যা কমে আসে। এছাড়া এটি অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব
অন্ত্র ও মস্তিষ্কের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে, যাকে অনেক সময় ‘গাট-ব্রেইন কানেকশন’ বলা হয়। অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া মানসিক স্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। পান্তা ভাত নিয়মিত খেলে তা মুড ভালো রাখতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে।
সূত্র: মিডিয়াম, টাইমস নাউ
এসএকেওয়াই
এডমিন 


















