রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে দুই মিষ্টির দোকানিকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকেলে উপজেলার মাছপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ। অভিযানে আব্দুল সালাম ও খাইরুলের মিষ্টির হোটেলে অস্বাস্থ্যবিধি লঙ্ঘন, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত এবং স্বাস্থ্যসম্মত সংরক্ষণ না করার প্রমাণ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দোকান দুটিতে মিষ্টি তৈরির স্থান ছিল অপরিচ্ছন্ন এবং স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। এ ধরনের কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিকভাবে দুই ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন রাজবাড়ীর স্যানিটারি ইন্সপেক্টর সূর্য বাবু এবং পাংশা থানা পুলিশ সদস্যরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
এডমিন 



















