পঞ্চগড়ে রাস্তা বন্ধ করে বালুভর্তি ট্রাক্টর আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ উঠেছে পঞ্চগড় সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মুসলিমের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বালু ব্যবসায়ী আনিসুর রহমান রোববার (২২ ফেব্রুয়ারি) মুসলিমসহ তিনজনের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটকানো ট্রাক উদ্ধার করে।
লিখিত অভিযোগে জানা গেছে, আনিসুর রহমান পঞ্চগড় সদর উপজেলার শালটিয়াপাড়া গ্রামে চাওয়াই নদীর বালুমহাল থেকে বালু উত্তোলন করেন এবং প্রতিটি ট্রাকের জন্য ইউনিয়ন পরিষদে ১০০ টাকা কর দিয়ে থাকেন। গত ২১ ফেব্রুয়ারি মুসলিম ও তার লোকজন শালটিয়াপাড়া গ্রামে মশিয়রের বাড়ির সামনে পাকা রাস্তায় আনিসুরসহ কয়েকজন ব্যবসায়ীর বালুভর্তি ট্রাক আটকে রেখে প্রতি গাড়ি বাবদ ২০,০০০ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে গাড়ি ছাড়া হবে না এবং নদী থেকে বালু উত্তোলন করতে দেওয়া হবে না বলেও জানান মুসলিম। এ সময় ট্রাক চালকদের সঙ্গে মুসলিমের বচসা হয় এবং মুসলিমের লোকজন আনিসুরের ছেলেকে মারধর করেন।
ঘটনার পর বিষয়টি পঞ্চগড় সদর ইউপি চেয়ারম্যান আল ইমরানকে জানানো হলে তিনি স্থানীয়ভাবে মীমাংসার কথা বললে মুসলিম ট্রাকগুলো ছেড়ে দেন।
তবে রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে শালটিয়াপাড়া গ্রামে মুসলিম ও তার লোকজন আবারও আনিসুরের দুটি ট্রাক আটক করেন। আনিসুর ঘটনাস্থলে গিয়ে আটকের কারণ জানতে চাইলে মুসলিম জানান যে আপোষ মীমাংসা হবে না এবং প্রতিটি গাড়ির জন্য ২০,০০০ টাকা চাঁদা না দিলে গাড়ি ছাড়া হবে না এবং নদী থেকে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। বিষয়টি পুনরায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন এবং আনিসুরকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।
পরে রোববার দুপুর ১২টার দিকে আনিসুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি উদ্ধার করে আনিসুরকে ফিরিয়ে দিলেও বালু পরিবহন বন্ধ আছে।
এ বিষয়ে অভিযুক্ত পঞ্চগড় সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মুসলিম জানান, তিনি ইউনিয়ন পরিষদ থেকে রাস্তা ইজারা নিয়েছেন এবং রাস্তার টোল না দেওয়ায় আনিসুরদের সঙ্গে কথা কাটাকাটি হয়। তিনি দাবি করেন, আনিসুর তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারবেন না।
পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম জানান, থানায় লিখিত অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে ট্রাকগুলো উদ্ধার করেছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
এডমিন 


















