নাখচিভানে ড্রোন হামলার ঘটনার পর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাশেম গারিবাবাদি বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরান কোনো প্রতিবেশী দেশকে লক্ষ্যবস্তু করে না।
ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, বৃহস্পতিবার AnewZ-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের নীতি হলো কেবল প্রতিপক্ষের সামরিক ঘাঁটিতে হামলা চালানো—যার মধ্যে যুক্তরাষ্ট্র ও “জায়নিস্ট শাসনব্যবস্থা” অন্তর্ভুক্ত।
গারিবাবাদি বলেন, “আমরা শুরু থেকেই ঘোষণা করেছি, যদি অঞ্চলে কোনো সামরিক ঘাঁটি থাকে এবং সেগুলো ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হয়, তাহলে আমরা সেগুলো লক্ষ্যবস্তু করব। এটাই আমাদের নীতি।”
তিনি নাখচিভানের ঘটনায় পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।
এদিকে নাখচিভান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রে ড্রোন হামলায় দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, একটি ড্রোন নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত হানে এবং আরেকটি শাকারাবাদ গ্রামের একটি বিদ্যালয়ের কাছে পড়ে।
ঘটনার পর আজারবাইজানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মজতবা দামীরচিলুকে তলব করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তার হাতে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়।
সাজু/নিএ
এডমিন 

















