ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে মারধর করে শাহবাগ থানায় সোপর্দ করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রাহিদ খান পাভেল দর্শন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি পুলিশি তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ রয়েছে, মারধরের ঘটনায় জড়িতরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। এ ঘটনার প্রতিবাদে সোমবার (৯ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে জড়িতদের শাস্তির দাবি জানান।
ভুক্তভোগী শিক্ষার্থীর বন্ধু ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা আকাশ আলী বলেন, ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে পাভেলকে নির্মমভাবে মারধর করা হয়েছে। তার দাবি, পাভেল সামাজিক যোগাযোগমাধ্যমে ৭ মার্চের ভাষণ পোস্ট করেছিলেন, এটিকেই অভিযোগের কারণ হিসেবে দেখানো হচ্ছে।
পাভেলের অভিযোগ, সোমবার ভোরে বুয়েটের কাজী নজরুল ইসলাম হলের ক্যান্টিনে সেহরি খেতে গেলে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে ২০-২৫ জন মিলে তাকে দীর্ঘ সময় মারধর করে এবং পরে শাহবাগ থানার সামনে ফেলে রেখে যায়। তিনি দাবি করেন, তিনি কোনো ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত নন।
এদিকে এখন পর্যন্ত পাভেলের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোনে পাওয়া যায়নি।
শাহবাগ থানার তদন্ত পরিদর্শক আসাদুজ্জামান বলেন, অসুস্থ অবস্থায় তাকে থানায় আনা হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন। সুস্থ হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
কুশল/সাএ
এডমিন 


















