আগামী ১১ জুন শুরু হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর FIFA World Cup। ১৯ জুলাই অনুষ্ঠিত হবে মহারণের ফাইনাল। তবে তার আগেই ফাইনালের টিকিটের মূল্য দেখে হতবাক বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা।
জানা গেছে, ফাইনালের ‘ক্যাটাগরি ১’ টিকিটের দাম পৌঁছেছে প্রায় ১০,৯৯০ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৪৫ হাজার টাকা। এই দাম শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অধিকাংশ দেশের সাধারণ সমর্থকদের নাগালের বাইরে চলে গেছে।
শুধু ফাইনালই নয়, জনপ্রিয় দলগুলোর ম্যাচের টিকিটেও ব্যাপক মূল্যবৃদ্ধি হয়েছে। ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানি এবং আয়োজক মেক্সিকো-এর ম্যাচগুলো দেখতে গুনতে হচ্ছে বাড়তি অর্থ।
ফাইনালের দ্বিতীয় ক্যাটাগরির টিকিটের দাম প্রায় ৬ লাখ ৮৭ হাজার টাকা এবং তৃতীয় ক্যাটাগরির টিকিট প্রায় ৫ লাখ ৩৯ হাজার টাকায় পৌঁছেছে। এই মূল্যবৃদ্ধির পেছনে FIFA-এর ‘ডায়নামিক প্রাইসিং’ নীতিকে দায়ী করা হচ্ছে। চাহিদা অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করায় সাধারণ দর্শকদের মধ্যে অসন্তোষ আরও বেড়েছে।
এ নীতির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে Football Supporters Europe (এফএসই)। তাদের দাবি, এই পদ্ধতি ফুটবলকে ধীরে ধীরে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে।
এদিকে টিকিট বিক্রির প্রক্রিয়াও প্রশ্নের মুখে পড়েছে। লটারি পদ্ধতি ও ‘ফার্স্ট-কাম-ফার্স্ট-সার্ভ’ ব্যবস্থার কারণে বহু সমর্থক দীর্ঘ সময় অনলাইনে অপেক্ষা করেও টিকিট পাননি। অনেকের অভিযোগ, প্রযুক্তিগত ত্রুটি, ভুল কিউ এবং লিঙ্ক সমস্যার কারণে তারা সঠিকভাবে টিকিট কেনার সুযোগই পাননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে এক সমর্থক লিখেছেন, “এই দামে সাধারণ মানুষের পক্ষে বিশ্বকাপ দেখা সম্ভব নয়। বিশ্বকাপ এখন শুধুই ধনীদের ইভেন্ট।” আরেকজন বলেন, “ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টিকিট পেলাম না, তার ওপর দাম বাড়ছেই—এটা চরম বিশৃঙ্খলা।”
উল্লেখ্য, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আয়োজক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। সেই ম্যাচের টিকিটের দামও সাধারণ দর্শকদের জন্য বেশ চড়া বলে জানা গেছে।
সাজু/নিএ
এডমিন 


















