রমজান মাসে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির চিরাচরিত চিত্র বদলে গেছে গাইবান্ধায়। এক সপ্তাহের ব্যবধানে কাঁচাবাজারে সবজির দাম প্রায় ৫০ শতাংশ কমে আসায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। প্রশাসনের কঠোর নজরদারি আর বাজারে পর্যাপ্ত সরবরাহের ফলে ভোক্তাদের নাগালে রয়েছে প্রতিটি পণ্যই।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গাইবান্ধার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ভোগ্যপণ্যের দোকান-দোকানে ভোক্তাদের ভিড়। চলতি মৌসুমে সবজির ব্যাপক পরিমাণ সরবরাহ থাকায় দাম রয়েছে স্বাভাবিক। আর চাহিদা মতো ক্রেতারা কিনছেন সবজিসহ বিভিন্ন ভোগ্যপণ্য।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতি বছর রমজান মাসে শাক-সবজি ও বিভিন্ন খাদ্যপণ্যের চাহিদা থাকে দ্বিগুণ। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দামও। কিন্তু চলতি রমজানে সেই দামের প্রভাব পড়েনি। বাজারে ব্যাপক সরবরাহ থাকায় দাম রয়েছে অনেকটা কম। গত সপ্তাহে প্রতিকেজি বেগুন ৬০ টাকার থাকলেও বর্তমানে তা ৩০ টাকায় নেমে এসেছে। এছাড়া টমেটো ৮০ থেকে ২০ টাকা, আলু ২০ থেকে ১৫ টাকা, সিম ৮০ থেকে ৩০ টাকা, বাঁধাকপি প্রতিপিচ ৫ টাকা, ফুলকপি ৪০ থেকে ২০ টাকা, গাজর ৫০ থেকে ২০ টাকা, লাউ প্রতিপিচ ২০-৩০ টাকা, কাঁচা মরিচ ১২০ থেকে ৬০ টাকা, শসা ৮০ থেকে দাম কমে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া বর্তমানে প্রতি কেজি আলু ১৫ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, আদা ১০০ টাকা, রসুন ৮০ টাকা, সয়াবিন তেল প্রতি কেজি ১৮৪ টাকা, সরিষা তেল ১৯০, বুটের ডাল ৯০ টাকা, মুসুর ডাল ৯০ টাকা ছোলাবুট ৮৫ টাকা মুগডাল ১৩৬ টাকা আটা ৩৬ টাকা, চিনি ৯৬ টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে চালের দাম অপরিবর্তিত রয়েছে।
এছাড়া ব্রয়লার মাংস প্রতিকেজি ১৬০ টাকা, ডিম প্রতি পিস ৮ টাকা, লেয়ার মুরগি মাংস ২৬০, গরুর মাংস ৭২০, খাসির মাংস ৯০০ টাকায় বিক্রি করা হচ্ছে। অপর দিকে মাছের বাজার অপরিবর্তিত রয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, রবি মৌসুমে ভালো ফলন ও বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় এই মূল্যহ্রাস। এতে স্বস্তি ফিরেছে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে।
সবজি কিনতে আসা ভ্যানচালক আইজল মিয়া বলেন, রমজান মাসের শুরুতে সব সবজির দাম অনেক বেশি ছিল। আজ বাজারে এসে দাম কম দেখে অনেক খুশি হলাম।
আরেক ক্রেতা হোসেন আলী বলেন, প্রতিবছর রমজান মাস আসলেই বিশেষ করে কয়েকটি সবজির দাম কয়েকগুণ বেড়ে যায়। এবার চিত্র আলাদা। প্রত্যেকটি সবজির দাম অনেক কমে গেছে। কম দামে পেয়ে বেশি বেশি করে কিনলাম।
শহরে পুরাতন বাজারে সবজি ব্যবসায়ী আব্দুর রহিম বলেন, গত কয়েক দিন থেকে সব সবজির দাম কমেছে। রমজানে আগের তুলনায় সবজির দাম বর্তমানে অর্ধেকে নেমে আসছে।
গাইবান্ধা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বলেন, রমজান মাসে কোনো ব্যবসায়ী যেন বাড়তি দাম নিতে না পারে, সেজন্য আমরা প্রতিটি বাজারে নিয়মিত মনিটরিং করছি। কৃত্রিম সংকট বা সিন্ডিকেট সৃষ্টির কোনো অভিযোগ পেলে সরাসরি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আনোয়ার আল শামীম/কেএইচকে/এএসএম
এডমিন 


















