গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে ঈদের দিনে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। শনিবার (২১ মার্চ) বিকেলে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঈদের দিন এমন ব্যতিক্রমী আয়োজন দেখতে দূর-দূরান্ত থেকে হাজারো মানুষের ঢল নামে।
আয়োজকরা বলছেন, নতুন প্রজন্মের কাছে ঘোড়দৌড়কে পরিচিত করার লক্ষ্যেই ৮৪ বছর ধরে দ্যাইনা ঘোড়দৌড় কমিটি এই আয়োজন করে আসছে। এ প্রতিযোগিতার পাশাপাশি ছিল হাঁড়িভাঙা, বালিশ খেলা ও সাইকেল চালানো প্রতিযোগিতা। এতে প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন।
দর্শনার্থীরা জানান, ঈদের দিনে এমন আয়োজন তাদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে এবং পরিবার-পরিজন নিয়ে তারা দারুণ সময় কাটিয়েছেন। তারা প্রতিবছর এমন আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করতে এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। এমন আয়োজন ধারাবাহিকভাবে চলুক, আমি সব ধরনের সহযোগিতা করব।
এ সময় তিনি আরও বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে এবং এটি ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। এলাকায় মাদক চললে তা আপনাদের সন্তানদেরই ক্ষতি করবে, তাই সবাইকে সচেতন হতে হবে।
তিনি সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রশাসনকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যেন মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দেওয়া হয়।
দ্যাইনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা লাভলু মিয়া লাভু প্রমুখ।
আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে
এডমিন 


















