জয়পুরহাট সদর উপজেলার পল্লীবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়টির ৪টি শ্রেণিকক্ষ, আসবাবপত্র ও শিক্ষা উপকরণ পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় বৈদ্যুতিক গোলযোগ থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
জয়পুরহাট ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৯টা ৪৭ মিনিটের দিকে তারা আগুন লাগার খবর পান। খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
এ বিষয়ে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শরীফুল ইসলাম জানান, বিদ্যালয়টি সেমিপাকা ও ওপরে টিনশেড ছিল। আগুনে ওপরের কাঠ-টিন এবং নিচে থাকা টেবিল, বেঞ্চসহ আনুষঙ্গিক জিনিসপত্র পুড়ে গেছে। আমরা মূলত ৪টি রুমে কাজ করে আগুন নিভিয়েছি।
তিনি আরও জানান, শর্ট সার্কিট বা বৈদ্যুতিক কোনো গোলযোগ থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে বিদ্যালয়টির আনুমানিক দুই লাখ টাকার মতো আর্থিক ক্ষতি হয়েছে।
জানতে চাইলে পল্লীবালা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হোসেন জানান, হঠাৎ অগ্নিকাণ্ডে বিদ্যালয়ের আসবাবপত্র ও শ্রেণিকক্ষ পুড়ে যাওয়ায় পাঠদান কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মাহফুজ রহমান/কেএইচকে/এএসএম
এডমিন 














