টালিউডে আবারও নেমে এলো শোকের ছায়া। না ফেরার দেশে পাড়ি জমালেন খ্যাতিমান অভিনেতা ও বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত। আজ (২৫ এপ্রিল) হাসপাতালে নেওয়ার পথেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
জানা গেছে, প্রায় দেড় বছর ধরে অসুস্থ ছিলেন এই প্রবীণ শিল্পী। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী রুমা দাশগুপ্ত ও কন্যা প্রিয়ম দাশগুপ্তকে।
বিপ্লব দাশগুপ্তর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়সহ অনেকে। এছাড়া শোক জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রূপাঞ্জনা মিত্র।
দক্ষিণ কলকাতার গল্ফক্লাব রোডে ছিল এই শিল্পীর বাসভবন। আজ বিকেল সোয়া ৫টার দিকে সেখান থেকে তার মরদেহ টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে নেওয়া হয়েছে। সেখানে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের তারকারা। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকেও জানানো হয়েছে শোক।
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে অভিনয়জগতের সঙ্গে যুক্ত ছিলেন বিপ্লব দাশগুপ্ত। টেলিভিশনের পাশাপাশি বড় পর্দাতেও অভিনয়গুণে দর্শকদের নজর কেড়েছেন তিনি। ‘ফেলুদা’, ‘বাইশে শ্রাবণ’ ও ‘গুমনামি’র মতো চলচ্চিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে।
এছাড়া ২০১৯ সালে শৈবাল মিত্র পরিচালিত ‘দেবতার গ্রাস’ সিনেমাতে সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহের সঙ্গে অভিনয় করে আরও প্রশংসা কুড়ান তিনি।
আরও পড়ুন:
১৬ বছরের কিশোরীর সঙ্গে সম্পর্ক, গুপ্ত খবর প্রকাশ করলেন অভিনেতা রাসেল
সময় থামাতে পারেনি যাকে, মৃত্যুর পরও অমর সত্যজিৎ
অভিনয়ের পাশাপাশি সাহিত্য ও নাট্যজগতেও ছিল তার বিচরণ। দেশ-বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে বাচিকশিল্পী হিসেবেও ছিলেন জনপ্রিয়। কর্মজীবনের শুরুতে শিক্ষকতা করলেও পরবর্তীতে অভিনয়, আবৃত্তি, ভয়েসওভার ও বিজ্ঞাপনজগতে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।
প্রবীণ এই বহুমুখী প্রতিভাবান শিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পুরো বিনোদন অঙ্গন।
এমএমএফ/এএসএম
এডমিন 









