গ্রামীণ জনসেবার মান উন্নত করতে বিশেষ করে ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদের কার্যক্রম ইলেকট্রনিক বিলবোর্ডে প্রদর্শনের কর্মকৌশল নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রফিকল ইসলাম হিলালীর এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন।
রফিকল ইসলাম হিলালী জানতে চান, গ্রামীণ জনসেবার মান উন্নত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?
উত্তরে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে অন্যতম প্রতিশ্রুতি হলো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচিত জনপ্রতিনিধিদের জবাবদিহি নিশ্চিত করা। এই লক্ষ্যে গ্রামীণ জনসেবার মান উন্নত করতে বিশেষ করে ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদের কার্যক্রম ইলেকট্রনিক বিলবোর্ডের মাধ্যমে প্রদর্শনের কর্মকৌশল গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, অভিযোগ নিষ্পত্তির জন্য অভিযোগ প্রতিকার ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য উন্মুক্ত ওয়ার্ড সভার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং গ্রামীণ জনসেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।
এমওএস/বিএ
এডমিন 










