বাড়ির একটি ছোট কোণে আরাম করে বসে বই পড়া, বিকেলের চা খাওয়া কিংবা কিছুক্ষণ নিজের সঙ্গে সময় কাটাতে কে না ভালোবাসেন! আর এই মুহূর্তগুলোকে আরও সুন্দর করে তুলতে পারে একটি দোলনা। আগে দোলনা বলতে বড় বাড়ি, প্রশস্ত বারান্দা বা বিশাল আঙিনার কথাই মনে হতো। কিন্তু এখন সময় বদলেছে। আধুনিক ফ্ল্যাট বা ছোট অ্যাপার্টমেন্টেও দোলনা অন্দরসজ্জার জনপ্রিয় একটি অংশ হয়ে উঠেছে।
তবে ছোট জায়গায় দোলনা বসানোর ক্ষেত্রে সঠিক নকশা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত বড় দোলনা ঘরকে অগোছালো দেখাতে পারে, আবার ভুল ডিজাইন ঘরের সৌন্দর্যও কমিয়ে দিতে পারে। তাই ঘরের আকার, ব্যবহারের প্রয়োজন এবং সাজসজ্জার সঙ্গে মিল রেখে দোলনা বেছে নেওয়া উচিত।
ঝুলন্ত চেয়ার দোলনা
ছোট বাড়ির জন্য সবচেয়ে জনপ্রিয় একটি হলো ঝুলন্ত চেয়ার বা হ্যাংগিং চেয়ার। এটি খুব বেশি জায়গা নেয় না, আবার দেখতে বেশ আধুনিক ও আকর্ষণীয়। এ ধরনের দোলনা বারান্দা, বসার ঘরের এক কোণ বা বড় জানালার পাশে রাখলে ঘরের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। নরম কুশন যোগ করলে এটি আরও আরামদায়ক হয়ে ওঠে।
একজনের বসার উপযোগী দোলনা
জায়গা কম হলে একজনের বসার উপযোগী ছোট দোলনা বেছে নেওয়াই ভালো। এটি কম জায়গা দখল করে, আবার আরামে বসে বই পড়া, গান শোনা বা বিশ্রাম নেওয়ার জন্য যথেষ্ট।

ভাঁজ করা যায় এমন দোলনা
যাদের বাড়িতে জায়গা খুবই সীমিত, তাদের জন্য ভাঁজ করা যায় এমন দোলনা ব্যবহার করতে পারেন। প্রয়োজন হলে ব্যবহার করুন, আর ব্যবহার শেষ হলে ভাঁজ করে রেখে দিন। এতে ঘরে অপ্রয়োজনীয় জায়গা দখল হয় না এবং ঘরও সব সময় পরিপাটি থাকে।
স্ট্যান্ড-সহ দোলনা
অনেকেই ছাদে হুক লাগাতে বা ড্রিল করতে চান না। তাদের জন্য স্ট্যান্ড-সহ দোলনা একটি ভালো বিকল্প।
এই ধরনের দোলনা সহজেই এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায়। চাইলে কখনও বারান্দায়, আবার কখনো বসার ঘরে ব্যবহার করতে পারবেন। ভাড়া বাসায় থাকলেও এটি ব্যবহার করা সুবিধাজনক।
বারান্দার জন্য বেতের দোলনা
প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করলে বেতের তৈরি দোলনা বেছে নিতে পারেন। এগুলো ওজনে হালকা, দেখতে নান্দনিক এবং বারান্দায় দারুণ মানিয়ে যায়। গাছপালার সঙ্গে বেতের দোলনা মিলিয়ে সাজালে ছোট্ট বারান্দাও হয়ে উঠতে পারে একটি শান্ত ও আরামদায়ক কোণ।
কাপড়ের হ্যামক দোলনা
যদি একটু ভিন্ন ধরনের আরাম চান, তাহলে কাপড়ের হ্যামক দোলনাও ভালো একটি বিকল্প হতে পারে। এটি খুব কম জায়গা নেয় এবং ব্যবহারেও আরামদায়ক। তবে কেনার আগে অবশ্যই নিশ্চিত হয়ে নিন, সেটি নিরাপদভাবে ঝোলানোর ব্যবস্থা রয়েছে কি না।
দোলনা কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
দোলনা কেনার আগে কয়েকটি বিষয় অবশ্যই বিবেচনা করা উচিত। প্রথমেই ঘরের মাপ দেখে নিন। দোলনা ঝুলানোর পর চারপাশে পর্যাপ্ত খালি জায়গা থাকতে হবে, যাতে সহজে ওঠানামা করা যায়। দোলনার ওজন বহন করার ক্ষমতা ভালোভাবে যাচাই করুন। মজবুত হুক, উন্নত মানের চেইন কিংবা স্ট্যান্ড ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দোলনার উপাদানও গুরুত্বপূর্ণ। ঘরের ভেতরের জন্য কাঠ, ধাতু বা কাপড়ের দোলনা ভালো হলেও বারান্দার জন্য আবহাওয়া সহনশীল বেত বা ধাতব দোলনা বেশি উপযোগী। এছাড়া এমন রং ও ডিজাইন নির্বাচন করুন, যা আপনার ঘরের অন্দরসজ্জার সঙ্গে মানিয়ে যায়। এতে পুরো ঘরের সৌন্দর্য আরও বেড়ে যাবে।
ছোট জায়গাতেই তৈরি করুন আরামের কোণ
ছোট বাড়ি মানেই আরামের অভাব হবে এমন ধারণা এখন আর সত্য নয়। সঠিক নকশার একটি দোলনা খুব সহজেই আপনার বাড়ির একটি সাধারণ কোণকে প্রিয় বিশ্রামের জায়গায় পরিণত করতে পারে। একটু পরিকল্পনা করেই এমন একটি দোলনা বেছে নিন, যা আপনার ছোট ঘরকে আরও আরামদায়ক ও প্রাণবন্ত করে তুলবে।
সূত্র: হাউজ বিউটিফুল, এনডিটিভি, দ্য স্প্রুস
এসএকেওয়াই
এডমিন 

