জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি প্রশাসনিক সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
পরে রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ মে রাতে এক বহিরাগত কর্তৃক ওই শিক্ষার্থী ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের শিকার হন বলে অভিযোগ ওঠে। ঘটনার দায় এবং নিরাপত্তা সংশ্লিষ্ট দপ্তর বা ব্যক্তিদের দায়িত্ব নিরূপণ করে সুপারিশসহ প্রতিবেদন দিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি করা হয়েছে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে।
অন্য সদস্যরা হলেন- উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাহিদ আখতার, দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, দর্শন বিভাগের অধ্যাপক মো. জহির রায়হান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন উচ্চ শিক্ষা ও বৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রার লুৎফর রহমান আরিফ।
কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মো. রকিব হাসান প্রান্ত/এনএইচআর
এডমিন 














