নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরার সময় দুর্বৃত্তদের গুলিতে এক জেলে নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জেলের নাম সাহাবুল ইসলাম (৪৫)। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের মো. ইউনুছ প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুন) গভীর রাতে লালপুরের রাইটার চর এলাকায় পদ্মা নদীতে নিজের শ্যালো ইঞ্জিনচালিত নৌকা দিয়ে মাছ ধরছিলেন সাহাবুল ও তার সহযোগী রবিউল ইসলাম (৩৭)। এসময় তীরবর্তী চরাঞ্চল থেকে মোটরসাইকেলে করে আসা পাঁচ-ছয়জন অজ্ঞাতপরিচয় অস্ত্রধারী ব্যক্তি নৌকাটিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন।
এতে গুলিবিদ্ধ হন সাহাবুল। তার ডান কাঁধের ওপরের দিকে গুলি লেগে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়। এসময় প্রাণ বাঁচাতে নৌকায় থাকা রবিউল নদীতে ঝাঁপ দেন। পরে তিনি সাঁতরে নিরাপদ স্থানে পৌঁছাতে সক্ষম হন। তবে তার দুই হাতসহ শরীরে সামান্য আঘাত লাগে।
রবিউল পুলিশকে জানান, তিনি ও সাহাবুল দুইদিন ধরে পদ্মা নদীতে মাছ ধরছিলেন। হামলাকারীদের কাউকেই তিনি চিনতে পারেননি।
পুলিশ ঘটনাস্থল থেকে সাহাবুলের মরদেহ এবং একটি কালো রঙের শ্যালো ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা উদ্ধার করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
রেজাউল করিম রেজা/একিউএফ
এডমিন 














