বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে প্রার্থীকে কমপক্ষে ১৮ বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতার বিষয়টি যুক্ত করা হচ্ছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে নতুন এ নিয়ম যুক্ত হচ্ছে। শিগগির এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, সেখানে যথাক্রমে ১৫ ও ১২ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছিল। তবে নতুন সরকার আসার পর তাতে পরিবর্তন আনা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের কম অভিজ্ঞতা সম্পন্নদের প্রবেশ ঠেকাতে এমন শর্তারোপ করতে নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী। সোমবার (২ মার্চ) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তাদের ডেকে তিনি এ নির্দেশনা দেন।
জানা গেছে, ৯ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে প্রথমবারের মতো বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩ হাজার ৫৫৯টি শূন্যপদ রয়েছে। এসব পদে নিয়োগ দিতে পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর ৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হয়।
নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষায় আবেদন পড়েছে ৮৬ হাজার ৪৪৫টি। এ আবেদন তিন গ্রুপে ভাগ করা হয়েছে। এর মধ্যে ‘ক’ গ্রুপে ৩৬ হাজার ৩২৩টি, ‘খ’ গ্রুপে ৩২ হাজার ৪৮৮টি ও ‘গ’ গ্রুপে ১৭ হাজার ৬৩৪টি আবেদন জমা পড়েছে।
এএএইচ/এমআইএইচএস
এডমিন 

















