সিলেটে হামের উপসর্গ নিয়ে একদিনেই তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল (শুক্রবার) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) দুইজন ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। শিশুদের বয়স ছিল ৫ থেকে ১০ মাসের মধ্যে।
শনিবার (২৫ এপ্রিল) সিলেটের স্বাস্থ্য বিভাগের পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ১৮ দিনে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল আর বাকি আটজনের ক্ষেত্রে উপসর্গ থাকলেও পরীক্ষা করা সম্ভব হয়নি।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুইজনের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলা ও এক শিশুর বাড়ি সিলেটে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনের আরও জানানো হয়, গতকাল সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ৮০ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২৬ জন, সুনামগঞ্জে ৩২ জন, মৌলভীবাজারে ১৫ জন ও হবিগঞ্জে ৭ জন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল ১৬৯ রোগী।
সিলেটের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বলেন, হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে একজনের হাম শনাক্ত হয়েছে। বাকি ৮ জনের মধ্যে বেশিরভাগেরই নমুনা পরীক্ষা করার মতো অবস্থা ছিল না।
আহমেদ জামিল/কেএইচকে/এমএস
এডমিন 









