সিরাজগঞ্জের শাহজাদপুরে নদী থেকে পানি আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ। বুধবার (৪ মার্চ) ভোর সাড়ে ৬টায় উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে করতোয়া নদীর ঘাটে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী বাদী হয়ে শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দিলে শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মো. এশার প্রামাণিককে আটক করেছে।
অভিযুক্ত মো. এশার প্রামাণিক শ্রীফলতলা গ্রামের মৃত মোন্তাজ প্রামাণিকের পুত্র এবং শ্রীফলতলা খেয়াঘাটের নৌকার মাঝি।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের ভুক্তভোগী গৃহবধূ বুধবার ভোর সাড়ে ৬টার সময় বাড়ির পাশ দিয়ে বয়ে চলা করতোয়া নদী থেকে পানি আনতে যায়। পানি নিয়ে ফেরার সময় পথিমধ্যে শ্রীফলতলা খেয়াঘাটের মাঝি মো. এশার প্রামাণিক জোর করে নেপিয়ার ঘাসের জমিতে টেনে নিয়ে যায়। গলায় চাকু ঠেকিয়ে ধর্ষণ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে ভুক্তভোগী গৃহবধূ বাড়িতে এসে পরিবারের লোকজনকে জানিয়ে শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, শ্রীফলতলা গ্রামের এক গৃহবধূ ভোর সাড়ে ছয়টায় নদীতে পানি আনতে গিয়ে ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নৌকার মাঝি মো. এশার প্রামাণিককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত এশার ধর্ষণের কথা স্বীকার করেছে।
মাসুম/সাএ
এডমিন 
















