নাটোরে সোনালী ব্যাংক নাটোর শাখার মাধ্যমে ইসলামী ব্যাংক নাটোর শাখায় পাঠানো প্রায় চার কোটি টাকার একটি সন্দেহজনক লেনদেন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপি প্রার্থীর অভিযোগের ভিত্তিতে লেনদেনটি স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে।
নাটোর–২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনে বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু আজ সন্ধ্যায় তার নিজ কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের জানান, ঢাকা থেকে সোনালী ব্যাংক নাটোর শাখার মাধ্যমে ইসলামী ব্যাংক নাটোর শাখায় সন্দেহভাজন একটি ব্যাংক হিসাবে প্রায় চার কোটি টাকা পাঠানো হয়। জানতে পেরে নাটোর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ওই লেনদেন স্থগিত রাখার আবেদন করা হয়।
পরে অভিযোগ পেয়ে রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং তাঁদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন। অবহিতর কিছুক্ষণ পরেই লেনদেনটি স্থগিত করা হয়।
বিএনপি কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ভোটের ঠিক এক দিন আগে এত বড় অংকের টাকা উত্তোলনের বিষয়টি সন্দেহজনক। এই টাকা ভোট কেনাবেচার কাজে ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে।
ইসলামী ব্যাংক নাটোর শাখার কর্মকর্তা (এভিপি) রেজাউল করিম জানান, ৪ কোটি টাকা লেনদেন ইসলামী ব্যাংকের জন্য তেমন কোনো বড় লেনদেন নয়। নির্বাচন উপলক্ষে ৪ দিন ব্যাংক বন্ধ থাকবে। এজন্যই এটিএম বুথে এসব টাকার চাহিদাপত্র দেওয়া হয়েছিল। এর মধ্যে সন্দেহের কিছু নেই, টাকা না পাওয়ায় গ্রাহক সেবা ব্যাহত হবে।
নাটোর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আসমা শাহীন বলেন, ইসলামী ব্যাংকের একটি লেনদেনকে একজন প্রার্থী সন্দেহজনক বলে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
সালাউদ্দিন/সাএ
এডমিন 















