মালয়েশিয়ার সাবাহ রাজ্যের উপকূলে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে এ ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।
United States Geological Survey (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উপকূলীয় সাবাহ রাজ্যের রাজধানী Kota Kinabalu থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬১৯ দশমিক ৮ কিলোমিটার, যা অত্যন্ত গভীর ভূমিকম্প হিসেবে বিবেচিত। সাধারণত এ ধরনের গভীর ভূমিকম্পে ভূপৃষ্ঠে ক্ষয়ক্ষতির ঝুঁকি তুলনামূলক কম থাকে।
সাবাহ রাজ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম দ্বীপগুলোর একটি Borneo দ্বীপে অবস্থিত। দ্বীপটির একটি অংশ মালয়েশিয়ার অধীনে, আর বাকি অংশ ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ের মধ্যে বিভক্ত।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য পরাঘাত (আফটারশক) নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: (এএফপি)।
সাজু/নিএ
এডমিন 















