ভ্রমণ মানেই শুধু নতুন জায়গা দেখা নয়, বরং নিজেকে আরামদায়ক ও সুন্দরভাবে উপস্থাপন করার সুযোগও। কিন্তু শুধু স্টাইলের জন্য নয়, পোশাক নির্বাচন করতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। যেখানে যেমন পরিবেশ, সেখানে তেমন পোশাক পরাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অনেক সময় জায়গা ও দৃশ্য সুন্দর থাকার পরও ছবি ভালো আসে না। এর বড় একটি কারণ হলো পোশাকের সঠিক নির্বাচন না করা। সমুদ্রের আবহের সঙ্গে মানানসই পোশাক বেছে নিতে পারলে আপনার ছবিগুলো আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত হয়ে উঠবে।
পোশাকে রঙের গুরুত্ব
সমুদ্রের পাশে ছবি তোলার সময় পোশাকের রং খুব গুরুত্বপূর্ণ। নীল সমুদ্র আর বালুর রঙের সঙ্গে সাদা, পেস্টেল, স্কাই ব্লু, পিচ বা হালকা গোলাপি দারুণ মানিয়ে যায়। এই রংগুলো শুধু চোখে আরাম দেয় না, ছবিতেও এক ধরনের নরম ও সুন্দর অনুভূতি তৈরি করে। কালো বা গাঢ় বাদামির মতো ডার্ক রং এড়িয়ে চলাই ভালো। কারণ এগুলো সমুদ্রের উজ্জ্বল পরিবেশের সঙ্গে ঠিক মানায় না। এছাড়া নিজের শরীরের গড়ন অনুযায়ী পোশাক বেছে নেওয়া উচিত। সঠিক গড়ন অনুযায়ী পোশাক পরলে আত্মবিশ্বাসও বাড়ে।
কেমন পোশাক পরবেন
মেয়েদের ক্ষেত্রে সমুদ্র ভ্রমণে ফ্লোই বা ঢেউ খেলানো পোশাক সবচেয়ে বেশি সুন্দর দেখায়। যেমন:ম্যাক্সি ড্রেস, ফ্লোরাল সানড্রেস বা বোহেমিয়ান স্টাইলের পোশাক। সকালে হালকা ঘোরাঘুরির জন্য সানড্রেস পরতে পারেন। নি-লেংথ বা মিড-লেংথ ফ্লোরাল বা প্রিন্টেড সানড্রেস সমুদ্রের পরিবেশের সঙ্গে খুব মানানসই। সানড্রেসের ক্ষেত্রে স্লিভ ও নেকলাইনে একটু এক্সপেরিমেন্ট করতে চাইলেহলটার নেক, অফ-শোল্ডার বা বোট নেক স্টাইল বেছে নিতে পারেন।
এই ধরনের পোশাক বাতাসে হালকা উড়তে থাকে, যা ছবিতে একটি ন্যাচারাল ও ড্রিমি লুক তৈরি করে। এছাড়া ক্রপ টপের সঙ্গে ডেনিম স্কার্টও পরা যেতে পারে। এর সঙ্গে একটি সারং বা কভার-আপ রাখলে লুক আরও স্টাইলিশ লাগবে।
শাড়ি পরতে চাইলে
ক্লাসিক লুক পেতে চাইলে সাদা শাড়ি পরতে পারেন।এর পাশাপাশি হলুদ বা সরিষা রঙের শাড়িও দারুণ মানায়। এই রঙগুলো সূর্যের আলো আর বালুর সঙ্গে মিশে গিয়ে ছবিকে উজ্জ্বল ও প্রাণবন্ত করে তোলে।
আপনি চাইলে লাল বা টকটকে রঙের শাড়িও বেছে নিতে পারেন। নীল সমুদ্রের সামনে লাল রঙ খুব সুন্দর কনট্রাস্ট তৈরি করে। বিশেষ করে সূর্যাস্তের সময় এই রঙ আরও বেশি ফুটে ওঠে। যারা সফট ও শান্ত লুক চান, তাদের জন্যহালকা গোলাপি, পিচ, ল্যাভেন্ডার বা স্কাই ব্লুর মতো প্যাস্টেল শেড চমৎকার অপশন। এই রঙগুলো ছবিতে কোমল ও ন্যাচারাল ফিল দেয়। আর একটু ফান ও ট্রেন্ডি লুক চাইলে ফ্লোরাল প্রিন্ট শাড়িও পরতে পারেন। সমুদ্রের ফ্রেশ পরিবেশের সঙ্গে এই প্রিন্টগুলো খুব ভালো মানিয়ে যায়।

আরামই আসল
সমুদ্রের পরিবেশে গরম ও আর্দ্রতা বেশি থাকে। তাই এমন কাপড় বেছে নিতে হবে যা হালকা, আরামদায়ক এবং বাতাস চলাচল করতে দেয়। লিনেন, কটন বা সফট জর্জেট কাপড় সবচেয়ে ভালো অপশন। খুব টাইট পোশাক না পরে একটু ঢিলেঢালা পোশাক পরলে ছবি যেমন সুন্দর আসে, তেমনি আপনি আরামও পাবেন।

অ্যাকসেসরিজ ও ব্যাগ
শুধু পোশাকই নয়, সঠিক অ্যাকসেসরিজ আপনার পুরো লুককে আরও আকর্ষণীয় করে তুলতে পারে। সমুদ্র ভ্রমণে একটি বড় সান হ্যাট শুধু আপনাকে রোদ থেকে রক্ষা করবে না, ছবিতেও এনে দেবে এক ধরনের স্টাইলিশ ও এলিগ্যান্ট লুক। এর সঙ্গে একটি ট্রেন্ডি সানগ্লাস যোগ করলে সহজেই পাওয়া যায় স্মার্ট ও কুল ভাইব। পায়ের জন্য বেছে নিতে পারেন রঙিন ফ্লিপ ফ্লপ বা আরামদায়ক স্যান্ডেল, যা একদিকে যেমন কমফোর্ট দেয়, তেমনি ছবিতেও যোগ করে একটি ফ্রেশ ফিল। পাশাপাশি হালকা বিডেড জুয়েলারি আপনার সাজে এনে দেয় সূক্ষ্ম কিন্তু নজরকাড়া সৌন্দর্য।
মেকআপ ও হেয়ার স্টাইল
সমুদ্র ভ্রমণে ভারী মেকআপ না করাই ভালো। হালকা ও ন্যাচারাল মেকআপই সবচেয়ে সুন্দর লাগে। সানস্ক্রিন, লাইট ফাউন্ডেশন বা কমপ্যাক্ট, একটু লিপ কালার আর কাজলই যথেষ্ট। নখে আগে থেকেই নেইল আর্ট করলে পুরো লুক আরও সুন্দর দেখাবে। চুলের ক্ষেত্রে খোলা চুল বা হালকা বিনুনি বা হালকা স্টাইল ট্রাই করা যেতে পারে। বাতাসে চুল উড়লে ছবিতে একটি ন্যাচারাল সৌন্দর্য তৈরি হয়।
ছোট ছোট টিপস মেনে চরলে আপনার পুরো স্টাইলকে একধাপ এগিয়ে নিয়ে যায় এবং ছবিকে করে তোলে আরও প্রাণবন্ত ও ফটোজেনিক।
সূত্র: হু হোয়াট ওয়্যার, হিন্দুস্তান টাইমস ও অন্যান্য
এসএকেওয়াই
এডমিন 











