বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে (টুকু) নিয়ে কটূক্তির অভিযোগে করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) আমির হামজা আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। পরে বিচারক তাঁর স্থায়ী জামিন মঞ্জুর করেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, আজ দুপুরে তিনি (আমির হামজা) সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে প্রথমে হাইকোর্টের নির্দেশনামা দাখিল করেন। এরপর সদর আমলি আদালত ও চৌহালী আমলি আদালতে আত্মসমর্পণ করে তাঁর বিরুদ্ধে করা দুটি মামলায় স্থায়ী জামিনের আবেদন করেন। এ দুটি আমলি আদালতের বিচারক সুমন কুমার সূত্রধর আবেদন আমলে নিয়ে ১০ হাজার টাকা মূল্যমানের বন্ডে মুচলেকা নিয়ে স্থায়ী জামিন মঞ্জুর করেছেন।’
মানহানির একটি মামলায় ২ এপ্রিল কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজাকে ২১ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত। নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে গ্রেপ্তারের নির্দেশ দেন। এরপর আদালতে হাজিরার দিন নির্ধারণ থাকলেও তিনি হাজির হননি। এ কারণে আদালত আমির হামজার বিরুদ্ধে ১৭ মে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
আমির হামজার আইনজীবী আবু তালেব প্রথম আলোকে বলেন, গত ২৭ এপ্রিল সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে করা দুটি মানহানির মামলায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের জন্য আগাম জামিন নিয়েছেন। আজ তিনি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে প্রথমে হাইকোর্টের নির্দেশনামা দাখিল করেন। এরপর সদর আমলি আদালত ও চৌহালী আমলি আদালতে আত্মসমর্পণ করে তাঁর বিরুদ্ধে করা দুটি মামলায় স্থায়ী জামিনের আবেদন করেন।
২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি করেছিলেন। তাঁর অভিযোগ, সিরাজগঞ্জের কৃতী সন্তান ইকবাল হাসান মাহমুদকে নাস্তিক বলে অত্যন্ত গর্হিত কাজ করেছেন আমির হামজা। সেই সঙ্গে তিনি ইসলাম ধর্মের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যও করেছেন। এ ছাড়া জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক শামীম আহমেদ বাদী হয়ে অপর মামলাটি করেন।
এদিকে সংসদ সদস্য আমির হাজার আদালতে আত্মসমর্পণ করার বিষয়কে কেন্দ্র করে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আজ দুপুর থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বেলা ২টা ৩২ মিনিটে আমির হামজা একটি কালো ও একটি সাদা গাড়ি নিয়ে দ্রুত আদালত প্রাঙ্গণে প্রবেশ করেন। তিনি প্রায় ৩০ মিনিট সময় পর আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।
গত ২৬ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে ঘিরে পরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় তাঁকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন সংসদ সদস্য আমির হামজা।
এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। একই দিন আদালত তাঁকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন।
এডমিন 










