বিশ্বকাপ ফুটবল মৌসুমের উত্তাপ শুধু মাঠেই নয়, ছড়িয়ে পড়েছে বইয়ের পাতায়। প্রকাশনা সংস্থা দাঁড়িকমা প্রকাশনী এবং ই-বুক প্ল্যাটফর্ম ‘বইটই’-এর উদ্যোগে ফুটবলপ্রেমী পাঠকদের জন্য শুরু হয়েছে অভিনব আয়োজন—‘বিশ্বকাপ গোল উৎসব’।
আয়োজনের মূল আকর্ষণ হিসেবে প্রকাশিত হয়েছে ফুটবল ইতিহাসের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে নিয়ে লেখা ‘ব্রাজিল’ ও ‘আর্জেন্টিনা’ শিরোনামের দুটি বিশেষ স্যাটায়ার ই-বুক। ফুটবল উন্মাদনার ভরা মৌসুমে ডিজিটাল মাধ্যমে পাঠকদের সুস্থ বিনোদন দিতে এবং আড্ডার চিরচেনা কথার লড়াইকে ফ্রেমবন্দি করতেই বিশেষ ইভেন্টটির আয়োজন করা হয়েছে। বর্তমানে বইটই প্ল্যাটফর্মের ওয়েবসাইটে এ গোল-ফেস্ট ক্যাম্পেইনটি লাইভ আছে। যা দেশজুড়ে তরুণ ও ক্রীড়ামোদী পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রকাশক মোহাম্মদ আবদুল হাকিম বলেন, ‘প্রতিটি বই ডাউনলোডের মাধ্যমেই পাঠক তার প্রিয় দলের সমর্থনের ঝুলিতে ভার্চুয়াল ‘গোল’ যুক্ত করতে পারবেন। ফুটবলপ্রেমী পাঠকদের পড়ার আনন্দ দেওয়ার পাশাপাশি সুস্থ ও মার্জিত রসবোধের মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করার অনবদ্য গাইডলাইন হিসেবে কাজ করবে বই দুটি।’
বাঙালির ফুটবল আবেগ মানেই ব্রাজিল ও আর্জেন্টিনার চিরন্তন দ্বৈরথ। চায়ের কাপে ঝড় তোলা সেই চেনা আড্ডা, লজিক আর ট্রলের আবহ এবার ডিজিটাল স্ক্রিনে নিয়ে আসা হয়েছে। ‘ব্রাজিল’ এবং ‘আর্জেন্টিনা’ বই দুটিতে আছে দুই দলের অজানা গল্প ও নেপথ্যের নানা তথ্য। এ ছাড়া বিশ্বকাপ ইতিহাসের আলোচিত ষড়যন্ত্র তত্ত্ব ও বিতর্ক; ম্যাচ ফিক্সিং নিয়ে প্রচলিত আলোচনা, গুঞ্জন ও বাস্তব ঘটনা; বিশ্বকাপ জয়ের স্বপ্ন-প্রস্তুতি, লক্ষ্য ও সম্ভাবনা; কিংবদন্তি খেলোয়াড়, স্মরণীয় ম্যাচ ও ঐতিহাসিক মুহূর্ত; বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে দল দুটির শক্তি, দুর্বলতা ও সম্ভাবনাসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়।
আয়োজকরা জানান, এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বইটই প্ল্যাটফর্মে ‘বিশ্বকাপ গোল উৎসব’ নিয়ে পাঠকদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কোন দলের বই সবচেয়ে বেশি পাঠক সংগ্রহ করছে এবং কারা গোল-ফেস্টে এগিয়ে থাকছে, তা নিয়ে ডিজিটাল দুনিয়ায় চলছে আলোচনা।
ডিজিটাল বুক রিডিংয়ের এই আধুনিক যুগে ফুটবল আবেগকে এমন সৃজনশীল উপায়ে পাঠকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাহিত্য ও ক্রীড়ানুরাগী মহল। শেষপর্যন্ত কোন দলের ফ্যানরা বিজয়ী হন, তা দেখতে চোখ রাখতে হবে বইটই ই-বুক প্ল্যাটফর্মে।
এসইউ
এডমিন 











