তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ও অস্ত্রধারী সন্ত্রাসী মো. মোশারফ হোসেন ওরফে পিচ্চি মোশারফকে (৩৮) ইয়াবা ও একটি বিদেশি রিভলবারসহ গ্রেফতার করেছে র্যাব-৩।
মঙ্গলবার (২৩ জুন) র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল সোমবার রামপুরা থানাধীন উত্তর মৌলভীরটেকের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ও অস্ত্রধারী সন্ত্রাসী মোশারফ হোসেন ওরফে পিচ্চি মোশারফকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৫৯০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫ লাখ সাড়ে ৯৮ হাজার টাকা জব্দ করা হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিচ্চি মোশারফ তার নিজের একটি অস্ত্র (রিভলবার) লুকানো অবস্থান সম্পর্কে জানায়। এমন তথ্যের ভিত্তিতে আরও একটি পৃথক অভিযানের মাধ্যমে বাড্ডা থানাধীন এলাকায় ময়লার বস্তার পেছনে দেয়ালের সঙ্গে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে একটি কালো ব্যাগ এবং তার ভেতরে একটি বিদেশি রিভলবার ও একটি রাউন্ড অ্যামোনিশন লোডেড অবস্থায় উদ্ধার করা হয়।
গ্রেফতার মোশারফের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন আইনে একাধিক মাদক মামলা রয়েছে।
টিটি/এমকেআর
এডমিন 











