২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর মুখ খুলেছেন অধিনায়ক সন হিউং-মিন। আবেগঘন এক বার্তায় তিনি দলের ব্যর্থতার দায় স্বীকার করে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। পাশাপাশি জাতীয় দলের হয়ে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বিশ্বকাপ বিদায়ের পর ইনস্টাগ্রামে কোরিয়ান ভাষায় দীর্ঘ এক পোস্ট দেন সন। সেই বার্তায় তিনি লেখেন, ‘কোথা থেকে শুরু করব, বুঝতে পারছি না। কিছুই হয়নি এমন ভান করতে পারি না, আবার বাস্তবতা থেকেও পালাতে চাই না।’
তিনি আরও লেখেন, ‘সবার আগে দক্ষিণ কোরিয়ার জনগণ এবং ফুটবলপ্রেমী সমর্থকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি নিজেও একজন ফুটবলপ্রেমী। এমন একটি ম্যাচ যদি দর্শক হিসেবে দেখতাম, তাহলে আমিও ভীষণ দুঃখ, হতাশা ও কষ্ট অনুভব করতাম। তাই আমি জানি, একটি ‘দুঃখিত’ শব্দ কখনোই সমর্থকদের হতাশা ও কষ্টের যথাযথ প্রকাশ হতে পারে না।’
এছাড়া সন লেখেন, ‘এ মুহূর্তে সবকিছু কথায় প্রকাশ করার চেয়ে আমি আমার দায়িত্ব পালন করে আবারও দেশের মানুষ ও ফুটবলপ্রেমীদের বিশ্বাস অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমি সর্বশক্তি দিয়ে লড়ব, যাতে আবারও তাদের মুখে হাসি ফোটাতে পারি। যতদিন সমর্থকেরা আমাকে চাইবেন, যতদিন জাতীয় দলের আমাকে প্রয়োজন হবে, ততদিন নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করে সর্বোচ্চটা দিয়ে যাব।’
বার্তার শেষদিকে সতীর্থদের জন্যও সমর্থকদের কাছে বিশেষ অনুরোধ জানিয়ে তিনি লেখেন, ‘আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি-সব খেলোয়াড়কে অতিরিক্ত সমালোচনা করে বা কষ্ট না দিয়ে, বরং তাদের প্রতি আন্তরিক সমর্থন ও উৎসাহ জানান, বিষয়টি আপনাদের জন্য যতই কঠিন হোক না কেন।’
আরএএইচইউএল/
এডমিন 
