চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাংলাখালী খালের পুনঃখনন কাজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নে চলমান খননকাজের অগ্রগতি দেখতে সেখানে যান তিনি।
পরিদর্শনকালে মুখ্য সচিব প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খননকাজের অগ্রগতি, পানি প্রবাহ ও সেচ ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার নির্দেশনা দেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. সেলিম, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা এবং বিএডিসি’র চট্টগ্রাম দক্ষিণের সহকারী প্রকৌশলী বেলাল হোসেন প্রমুখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় খালটি পুনঃখনন করা হচ্ছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ও আনোয়ারা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গত ১৮ এপ্রিল থেকে এ কাজ শুরু হয়েছে।
স্থানীয়রা আশা করছেন, খাল পুনঃখনন শেষ হলে কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং জলাবদ্ধতার সমস্যাও অনেকটা কমে আসবে।
এমআরএএইচ/এনএইচআর
এডমিন 









