চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ সেমিফাইনালকে সামনে রেখে আত্মবিশ্বাসী হুঙ্কার ছাড়লেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কোচ লুইস এনরিক। তার দাবি, এই সময়ে তাদের চেয়ে ভালো দল আর নেই।
বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি মঙ্গলবার (বাংলাদেশ সময় রাত একটায়) প্রথম লেগে মুখোমুখি হবে সদ্য বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের। ম্যাচটি অনুষ্ঠিত হবে পিএসজির ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেন্সে।
পিএসজি দুর্দান্ত ফর্মে রয়েছে। শেষ ৯ ম্যাচের মধ্যে ৮টিতেই জয় পেয়েছে তারা এবং লিগ আঁ-তে শীর্ষে থেকে প্রতিদ্বন্দ্বীদের থেকে ৬ পয়েন্ট এগিয়ে আছে। ইউরোপিয়ান প্রতিযোগিতাতেও তারা দারুণ পারফর্ম করেছে—নকআউট পর্বে এএস মোনাকো, চেলসি এবং লিভারপুলকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লুইস এনরিকে বলেন, ‘ইউরোপের সেরা দুই দল এখন মুখোমুখি হচ্ছে। ধারাবাহিকতায় বায়ার্ন হয়তো আমাদের থেকে একটু এগিয়ে, কারণ তারা মাত্র দুটি ম্যাচ হেরেছে। কিন্তু আমাদের পারফরম্যান্স বিবেচনায়, আমাদের চেয়ে ভালো দল নেই।’
তিনি আরও যোগ করেন, ‘জিততে হলে রক্ষণে যতটা মনোযোগ দিতে হয়, তার চেয়ে বেশি আক্রমণে যেতে হবে। আমরা জানি কাজটা কঠিন হবে, কিন্তু আমরা এখানে সমঝোতা করতে আসিনি—আমরা জিততেই এসেছি।’
অন্যদিকে বায়ার্ন মিউনিখও দুর্দান্ত ছন্দে রয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯টি ম্যাচ জিতেছে তারা এবং শেষ ১৭ ম্যাচে ১৬টিতেই জয় পেয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে ১২ ম্যাচের মধ্যে ১১টিতে জয় পেয়েছে বায়ার্ন, একমাত্র হারটি ছিল নভেম্বরে আর্সেনালের বিপক্ষে। এছাড়া জানুয়ারিতে অগসর্বাগের কাছে বুন্দেসলিগায় একটি হারই তাদের একমাত্র বড় ধাক্কা।
এখন দেখার বিষয়, এই দুই ইউরোপিয়ান জায়ান্টের লড়াইয়ে কে এগিয়ে যায় ফাইনালের পথে।
এমএমআর
এডমিন 














