ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের জৌলুস এবার শুধু মেক্সিকো বা যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ থাকছে না। সহ-আয়োজক কানাডাও নিজেদের মাটিতে জমকালো সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে বিশ্বকাপের উৎসবে শামিল হচ্ছে। আজ রাতে (শুক্রবার, ১২ জুন) টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের কানাডা-পর্বের উদ্বোধনী অনুষ্ঠান, যা অনুষ্ঠিত হবে কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচের আগে।
বিশ্বকাপের এই বিশেষ আয়োজনে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় সংগীতশিল্পীরা। তাদের মধ্যে অন্যতম আকর্ষণ কানাডিয়ান শিল্পী নোরা ফাতেহি, যিনি বলিউডে নিজের নাচ ও সংগীত প্রতিভার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ পরিচিতি গড়ে তুলেছেন।
নোরা ফাতেহি এবার মঞ্চে পরিবেশন করবেন তার নতুন গান। তার সঙ্গে থাকবেন ফরাসি পপ তারকা ভেজিড্রিম এবং বাংলাদেশি-আমেরিকান গায়ক সঞ্জয়। তিন শিল্পীর যৌথ পরিবেশনা নিয়ে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন নোরা। সেই সফলতার ধারাবাহিকতায় আবারও ফিফার বিশ্বমঞ্চে ফিরছেন তিনি। আয়োজকদের মতে, নোরা এমন একজন পারফরমার যিনি সংগীত, নৃত্য এবং মঞ্চনৈপুণ্যের অসাধারণ সমন্বয় ঘটাতে পারেন।
নোরার পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে আরও থাকছেন কানাডার জনপ্রিয় শিল্পী অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ান্না, জেসি রেয়েজ, মাইকেল বুবলে এবং উইলিয়াম প্রিন্স। বৈচিত্র্যময় এই শিল্পী তালিকা কানাডার বহুসাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরবে বিশ্বমঞ্চে।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আয়োজন সরাসরি সম্প্রচার করবে ইউনাইট৮ স্পোর্টস। এছাড়া অনলাইনে অনুষ্ঠানটি দেখা যাবে জি৫ প্ল্যাটফর্মে।
প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আসরকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত কানাডার উদ্বোধনী অনুষ্ঠান।
ফুটবল, সংগীত এবং সংস্কৃতির এক অনন্য মেলবন্ধনের মাধ্যমে টরন্টোতে বিশ্বকাপ উৎসবের আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বিশেষ করে নোরা ফাতেহি, ভেজিড্রিম এবং বাংলাদেশি-আমেরিকান শিল্পী সঞ্জয়ের যৌথ পরিবেশনা দক্ষিণ এশিয়ার দর্শকদের জন্যও বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।
আইএইচএস/
এডমিন 















