যশোরের অভয়নগরে মাদকবিরোধী অভিযান চলাকালে হাতকড়াসহ এক মাদকসেবী পালানোর অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ মে) রাতে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন বেঙ্গল রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেছেন, বিষয়টি শুনেছি, খতিয়ে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অভয়নগর থানার এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বেঙ্গল রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এসময় কালীর চায়ের দোকানের পাশে গাঁজা সেবনের দায়ে এক যুবককে আটক করে পুলিশ। পরে তার হাতে হাতকড়া পরানো হলে কৌশলে তিনি পালিয়ে যান। ঘটনার পর হাতকড়া নিয়ে পালানো সেই মাদকসেবীকে পুলিশ খুঁজতে শুরু করে।
তবে অভয়নগর থানার এসআই মোস্তাফিজুর রহমান মুঠোফোনে ঘটনা অস্বীকার করে বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকসেবীরা পালিয়ে যায়। হাতকড়া নিয়ে পালানোর কোনো ঘটনা ঘটেনি।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, শরীর ভালো না, আমি অসুস্থ। হাতকড়া নিয়ে পালানোর বিষয়ে আমি কিছুই জানি না।
এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, শুনেছি একজন মাদকসেবী পুলিশের হ্যান্ডকাফ (হাতকড়া) পরা অবস্থায় পালিয়েছে। থানা পুলিশের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মিলন রহমান/এফএ/এএসএম
এডমিন 

















