চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের টি-টোয়েন্ট ক্রিকেট ম্যাচ। খেলা শুরু হয় দুপুর ২টায়, তবে স্টেডিয়ামের আশেপাশে ১টার পর থেকেই দর্শকদের ভিড় শুরু হয়ে যায়। যদিও সমর্থকদের মাঠে ঢোকার লাইন দেখলে বোঝার উপায় নেই, ভিতরে ক্রিকেট ম্যাচ হবে নাকি আর্জেন্টিনা ফুটবল দল খেলতে নামবে!
আজ সকালেই ৭টায় এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। লিওনেল আন্দ্রেস মেসির প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সাগরিকার জায়ান্ট স্ক্রিনে সেই ম্যাচ সরাসরি দেখানোও হয়েছে। যদিও তখন জনসাধারণের প্রবেশের অনুমতি ছিল না।
তবে পরে দুপুরে ক্রিকেট ম্যাচ গ্যালারিকেই ফুটবল ম্যাচের গ্যালারি বানিয়ে ফেলেছেন দর্শকরা। মেসিরা খেলেছেন আমেরিকার কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে। সেখান থেকে প্রায় ৮ হাজারের বেশি মাইল দূরত্বে চট্টগ্রামের সাগরিকার গ্যালারিও যেন আজ হয়ে উঠেছিল আকাশী-নীল।
দল বেধে আর্জেন্টিনার জার্সি পরেই বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দেখতে এসেছেন স্থানীয় ভক্ত-সমর্থকরা। তাদের প্রত্যেকের মুখে যেন হাসি আর উচ্ছ্বাসের শেষ নেই। বিশ্বকাপ ধরে রাখার মিশনে যে দাপুটে শুরু করেছে তাদের প্রিয় দল আর্জেন্টিনা! সে কারণে আর্জেন্টিনার জার্সি পরেই নিজ দেশের ক্রিকেট ম্যাচ দেখতে হাজির হয়ে যান দর্শকরা।
আকরাম হোসেন নামের ২৭ বছরের এক আর্জেন্টাইন সমর্থক বলছিলেন, ‘সকালটা শুরু হয়েছে স্বপ্নের মতো। এত সুন্দর খেলেছে মেসি, আর্জেন্টিনাও জিতেছে। ফলে এই জার্সি আজকে আর খুলবো না। এটাই পরেই খেলা দেখতে এসেছি।’
কামরান শেখ খেলা দেখতে এসেছেন সীতাকুন্ড এলাকা থেকে। তার সঙ্গে আসা ৭ বছরের ছেলে। দু’জনের গায়েই আর্জেন্টিনার জার্সি। তিনি বলছিলেন, ‘ভোরে উঠে আর্জেন্টিনার জয় দেখেছি, মেসি মন ভরিয়ে দিয়েছে। এরপর আর কিছু করিনি, হাইলাইটস দেখেছি বারবার। এরপর ছেলেকে নিয়ে বাংলাদেশের খেলা দেখতে এসেছি।’
শুধু কামরান বা আকরাম নয়, সাগরিকার গ্যালারিতে এদিন হাজির হওয়া হাজার পাঁচেক দর্শকের প্রায় অর্ধেকের গায়েই ছিল আর্জেন্টিনার জার্সি। যদিও স্বপ্নের সকাল দেখা তাদের দুপুরটা হয়েছে দুঃস্বপ্নের মতো। ওয়ানডে সিরিজ জেতা বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেই হারিয়েছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে। আগে ব্যাটিং করে মাত্র ১৩১ রানেই গুটিয়ে গেছে তারা। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া জয় তুলে নিয়েছে ৪ উইকেটের ব্যবধানে।
এসকেডি/আইএইচএস/
এডমিন 










