টি–টুয়েন্টি সিরিজের চ্যালেঞ্জ
ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি–টুয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজটা ২–১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। টি–টুয়েন্টিতেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের স্মৃতিটা ভালো বাংলাদেশের জন্য। ২০২১ সালে ৪–১ ব্যবধানে ওই সিরিজটা জিতেছিল বাংলাদেশ।
টস
তৃতীয় ওয়ানডেতে পাওয়া চোটের কারণে ম্যাচটা খেলতে পারছেন না লিটন দাস। গতকাল সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছিলেন, তাঁর খেলার সম্ভাবনা ‘ফিফটি–ফিফটি’। কিন্তু ম্যাচটা খেলা হচ্ছে না তাঁর। অধিনায়কত্বের অভিষেক হচ্ছে তাওহিদ হৃদয়ের। দেশের হয়ে এর আগে কোনো সংস্করণেই নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই তাঁর।
নিজের অধিনায়কত্বের প্রথম ম্যাচে টস জিতেছেন হৃদয়। আগে ব্যাট করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
অভিষেক হচ্ছে আব্দুল গাফফারের
জাতীয় দলের জার্সিতে অভিষেক হচ্ছে আব্দুল গাফফারের। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের দলে থাকলেও একাদশে সুযোগ মেলেনি তাঁর। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি–টুয়েন্টির একাদশে জায়গা পাওয়া এই পেস বোলিং অলরাউন্ডার টি–টুয়েন্টিতে ওভারপ্রতি ৬.৬৬ গড়ে রান দিয়ে ২৫ ম্যাচ খেলে ২৪ উইকেট পেয়েছেন। ব্যাটিংয়ে অবশ্য ফিফটি নেই। তবে শেষদিকে কিছু রান করে দেওয়ার সামর্থ্য আছে।
একাদশে আছেন একদিন আগে হুট করে দলে ঢোকা সৌম্য সরকারও, লিটনের অনুপুস্থিতিতে উইকেটকিপিং করবেন পারভেজ হোসেন।
বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন (উইকেটকিপার), তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, মেহেদী হাসান, আব্দুল গাফফার, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
প্রথম ওভারে ৬
প্রথম ৩ বলে কোনো রানই আসেনি। পরের দুই বলে দৌড়ে দুই রান। আর ওভারের শেষ বলে চার মেরেছেন সাইফ হাসান। প্রথম ওভার থেকে এসেছে ৬ রান।
তানজিদ আউট
প্রথম উইকেট হারাল বাংলাদেশ। ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে গেছেন তানজিদ হাসান। জনসনের বলে কাভারের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন, কিন্তু টাইমিংটা ঠিকঠাক হয়নি। ক্যাচ গেছে বার্টলেটের হাতে।
বাংলাদেশ : ৩ ওভারে ২৭/১।
দুই ওপেনারই ফিরলেন
তানজিদের পর এবার আউট হয়ে গেলেন সাইফ হাসানও। দুই ওপেনারই ফিরে গেলেন ড্রেসিংরুমে। ম্যাট রেনশর বলে তুলে মারতে গিয়ে মিচেল মার্শের হাতে ক্যাচ দিয়েছেন ১৪ বলে ২০ রান করা সাইফ।
এসেই প্রথম বলে ছক্কা মেরেছেন তাওহিদ হৃদয়। বাংলাদেশের রান এখন ২ উইকেট হারিয়ে ৫ ওভারে ৪৫ রান।
উইকেট, উইকেট
রানের গতিটা খারাপ নয়। কিন্তু নিয়মিতই উইকেট হারাচ্ছে বাংলাদেশ। অ্যাডাম জাম্পার আগের ওভারে বোল্ড হয়েছিলেন হৃদয়, এবার আউট হয়ে গেছেন সৌম্য সরকার। ৮.২ ওভারে ৬৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।
পারভেজও টিকলেন না
বাংলাদেশ : ১১ ওভারে ৭৮/৫।
পাঁচে নামা পারভেজ হোসেনও টিকতে পারলেন না। বাঁ হাতি স্পিনার জোয়েল ডেভিয়েসের বলে মিডউইকেট বাউন্ডারিতে কনোলিকে ক্যাচ দিয়েছেন তিনি। বাংলাদেশ হারাল পঞ্চম উইকেট। ১২ বলে ১ বাউন্ডারিতে ১০ রান করেছেন পারভেজ।
নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন শামীম হোসেন। তাঁর সঙ্গে মাঠে আছেন আবদুল গাফফার সাকলায়েন।
উইকেট নম্বর ছয়
বাংলাদেশ : ১১ ওভারে ৮৫/৬।
ম্যাট রেন শর বল জায়গা বানিয়ে কাভারের ওপর দিয়ে খেলতে চেয়েছেন শামীম। বল ব্যাটে লেগে উইকেটকিপারের হাতে ক্যাচ। ১২তম ওভারের দ্বিতীয় বলে ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ। ৪ বলে ১ রান করেছেন শামীম।
নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান। সঙ্গে সাকলায়েন। রেন শর ওভারের পঞ্চম বলে ছক্কা মেরেছেন তিনি।
সাকলায়েনও ফিরলেন
বাংলাদেশ : ১৩ ওভারে ৮৬/৭।
টানা তৃতীয় ওভারে উইকেট হারাল বাংলাদেশ। পারভেজ ও শামীমের পর এবার সাকলায়েন। ডেভিয়েসের বল তুলে মারতে গিয়ে লং অফে ক্যাচ দিয়েছেন আজই প্রথম আন্তর্জাতিক টি–টুয়েন্টি খেলতে নামা এই বোলিং অলরাউন্ডার।
১০ বলের ইনিংসে সাকলায়েন ১ ছক্কায় ১০ রান করেন। নতুন ব্যাটসম্যান রিশাদ হোসেন।
একশ পার করার আগেই আরও এক উইকেট
আরও একটা উইকেট হারাল বাংলাদেশ। দলের রান এখনও এক শ পার হয়নি। জেভিয়ার বার্টলেটের বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারির কাছে ক্যাচ দিয়েছেন রিশাদ হোসেন। উইকেটে এসে দ্বিতীয় বলে ছক্কা মেরে দলের এক শ পার করেছেন। হাতে আছে আর ২ উইকেট।
বাংলাদেশের ১৩১
আম্পায়ার আউটটা দেননি। তবে অস্ট্রেলিয়া রিভিউ নিয়ে সফল হয়েছে। মোস্তাফিজুর রহমান এলবিডব্লু হয়ে গেছেন। ইনিংসের ১ ওভার বাকি থাকতেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ।
পাওয়ার প্লেটা ভালোই কেটেছিল বাংলাদেশের। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। এক শ পার করার আগেই আউট হয়ে যান ৮ ব্যাটসম্যান। তবে শেষ জুটিতে ১২ বলে ২৩ রানে লড়াই করার মতো পুঁজি পেয়েছে বাংলাদেশ। ২২ বলে ২৯ রান করে অপরাজিত থাকা মেহেদীর অবদানই তাতে বেশি।
জয়ের জন্য অস্ট্রেলিয়াকে ১৩২ রান করতে হবে।
শরীফুলের উইকেট
প্রথম উইকেট উইকেট এল শরীফুলের হাত ধরে। তাঁর বলে বোল্ড হয়ে গেছেন জস ইংলিস। ১৩ রানে এসে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া।
এবার মোস্তাফিজ
১৪ বলে ১৩ রান করা মার্শ আউট হয়ে গেছেন মোস্তাফিজের বলে। তাঁর অফ স্টাম্পের বাইরের বলে আপার কাট করতে চেয়েছিলেন। কিন্তু ক্যাচ গেছে শরীফুলের হাতে। ৫ ওভারে অস্ট্রেলিয়ার ৩৮ রান, ২ উইকেট নেই।
আউট
শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন কুপার কনোলি। অবশেষে ফেরানো গেছে তাঁকে। আব্দুল গাফফারের দুই বলে ছক্কা ও চার মারার পর তৃতীয় বলে আউট হয়েছেন কনোলি। বাউন্ডারির কাছে তাঁর ক্যাচ নিয়েছেন শরীফুল। ২৭ বলে ৪৭ রান করে আউট হয়েছেন কনোলি।
৯.৩ ওভারে অস্ট্রেলিয়ার রান ৭৮।
আরও একটা উইকেট
আরও একটা উইকেট পেল বাংলাদেশ। এবার টিম ডেভিড ক্যাচ দিয়েছেন মেহেদীর বলে। অস্ট্রেলিয়ার আর ৫১ বলে ৪৩ রান দরকার, বাংলাদেশের ৬ উইকেট।
বাংলাদেশের ৪ উইকেটের হার
টি–টুয়েন্টি সিরিজের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারল ৪ উইকেটে। বাংলাদেশের দেওয়া ১৩২ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া ছুঁয়ে ফেলেছে ৪ উইকেট ও ১০ বল বাকি রেখে।
বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করা কুপার কনোলি আজও ভালো খেলেছেন। করেছেন ২৭ বলে ৪৭।
বাংলাদেশের হয়ে বল হাতে ২ উইকেট নিয়েছেন অভিষিক্ত আবদুল গাফফার।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১৯ ওভারে ১৩১ (মেহেদী ২৯*, সাইফ ২০; জাম্পা ৩/১৮, ডেভিস ৩/১৭)
অস্ট্রেলিয়া: ১৮.২ ওভারে ১৩৩/৬ (কনোলি ৪৭, ডেভিড ২০; গাফফার ২/৩২, মোস্তাফিজ ১/১৬) । ফল: অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী । ম্যাচসেরা: অ্যাডাম জাম্পা
এডমিন 










