বান্দরবানের দুর্গম রেতলাং এলাকায় কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করছে নিরাপত্তা বাহিনী।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান রিজিয়নের আওতাধীন দুর্গম রেতলাং এলাকায় গত ২৮ জুন নিরাপত্তা বাহিনীর একটি অভিযানিক দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে।
নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে আশপাশের এলাকায় অভিযান চলমান।
আইএসপিআর জানিয়েছে, অভিযানিক নিরাপত্তার স্বার্থে এ মুহূর্তে অধিকতর তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। অভিযান সমাপ্তি সাপেক্ষে যথাসময়ে বিস্তারিত জানানো হবে।
সবাইকে এ বিষয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য পরিহারের অনুরোধ জানিয়েছে আইএসপিআর।
টিটি/ইএ
এডমিন 




