আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়তায় রাজধানীতে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে অলিম্পিক ডে-২০২৬ উদযাপন করা হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত র্যালির উদ্বোধন করেন বিওএ সভাপতি ও সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এ সময় সেনাপ্রধান অলিম্পিকের মূল মূল্যবোধ ‘এক্সেলেন্স’, ‘ফ্রেন্ডশিপ’ এবং ‘রেসপেক্ট’ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান।
‘You Can Do This, Let’s Move’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল ক্রীড়াবিদ ও সাধারণ মানুষকে খেলাধুলা এবং শারীরিক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করা।
সকাল ৭টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হওয়া র্যালিটি এয়ারপোর্ট রোড ও স্টাফ রোড লেভেল ক্রসিং প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হয়। পরে অংশগ্রহণকারীদের জন্য একটি ক্রীড়া প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের সমাপনী পর্বে সেনাবাহিনী প্রধান অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
ঢাকার কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের আরও সাতটি বিভাগীয় শহরেও অলিম্পিক ডে উপলক্ষে র্যালি ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
র্যালিতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, অলিম্পিয়ান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা ছাড়াও সামরিক-বেসামরিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী মানুষ এবং গণমাধ্যমকর্মীসহ ১ হাজার ৫০০ জনের বেশি অংশ নেন।
টিটি/এসএনআর
এডমিন 









