চুয়াডাঙ্গার জীবননগরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৮ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) দিনগত রাতে উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের ডুমুরিয়া দক্ষিণ পাড়া গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত ববিতা (২৭) দক্ষিণ পাড়া গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ববিতা স্বামী পরিত্যক্তা হওয়ার পর তার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। শুক্রবার (১৭ এপ্রিল) দিনগত রাত ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ এপ্রিল) রাত ১০টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
হুসাইন মালিক/কেএইচকে/জেআইএম
এডমিন 










