দুই শিশুর কান্না-চিৎকারের শব্দ শুনতে পান প্রতিবেশীরা। এরপর দৌড়ে গিয়ে দেখতে পান মানসিক অসুস্থ এক নারী তার দুই শিশু কন্যাকে মেরে ফেলার জন্য ছুরি হাতে রুমের মধ্যে আটকে রেখেছেন।
পরে দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হন তারা। যোগাযোগ করেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে। তাৎক্ষণিক থানা পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে উদ্ধার করে ওই দুই শিশুকে।
মঙ্গলবার (১২ মে) জাতীয় জরুরি সেবা ৯৯৯ গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান। শিশু দুজনের বয়স ১০ ও ২ বছর।
আনোয়ার সাত্তার বলেন, গতকাল সোমবার (১১ মে) রাতে ফেনীর সদর থানার মধ্যম মধুপুর থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তার প্রতিবেশী মানসিক অসুস্থ একজন নারী তার দুই শিশু কন্যাকে মেরে ফেলার জন্য ছুরি হাতে রুমের মধ্যে আটকে রেখেছেন। প্রতিবেশীরা রুমের দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। রুমের ভেতর থেকে শিশু দুটির চিৎকার ও কান্নাকাটির শব্দ শোনা যাচ্ছিল। কলার ৯৯৯-এর কাছে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।
তিনি বলেন, ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের জন্য ফেনী সদর থানা এবং ফেনী সদর ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়।
সংবাদ পেয়ে ফেনী সদর থানার একটি দল এবং ফেনী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দরজা ভেঙে শিশু দুটিকে উদ্ধার করে তাদের বাবার কাছে হস্তান্তর করে।
কেআর/এমআরএম
এডমিন 














