উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ও লেখক সত্যজিৎ রায় স্মরণে সাহিত্য আড্ডা ও আলোচনা সভার আয়োজন করেছে প্যাপিরাস পাঠাগার। ২৫ এপ্রিল সন্ধ্যায় চাঁদপুর শহরে পাঠাগার কার্যালয়ে এ আড্ডার আয়োজন করা হয়।
পাঠাগারের সভাপতি অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সভাপতিত্বে প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপনের সঞ্চালনায় সত্যজিৎ রায়ের ‘জীবন ও সাহিত্য’ সম্পর্কে আলোচনা করা হয়।
আলোচনায় অংশ নেন পাঠাগারের উপ-সভাপতি ফেরারী প্রিন্স, ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের কর্ণধার সাইফুল ইসলাম রাজিব, আবদুর রব ফাউন্ডেশনের সদস্য সচিব জাহেদুর রব জাহেদ রানা, স্কুলশিক্ষক ইব্রাহীম খলিল, অ্যাডভোকেট ইমাম হাসান সৈকত, মাইসা মনি, ঝর্না আক্তার ও মনির হোসেন খান।
অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, ‘সত্যজিৎ রায় ছিলেন উপমহাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক। চলচ্চিত্রের মাধ্যমে তিনি গ্রামবাংলার জীবন্ত ছবি তুলে এনেছিলেন। মানুষের সুখ-দুঃখ এবং হাসি-কান্নাকে তিনি চিত্রায়িত করেছেন অত্যন্ত শৈল্পিকভাবে।’
তিনি বলেন, ‘তার নির্মিত সিনেমা এখনো আবেদন হারায়নি। ফেলুদা সিরিজ, গান ও চিত্রনাট্য সব ক্ষেত্রেই তিনি অনন্য। যুগের পর যুগ চলে যাচ্ছে সত্যজিৎ রায়কে কেউ ছাপিয়ে যেতে পারেননি।’
এসইউ
এডমিন 











