হাজার মাইল দূরে থেকেও বাংলা সংস্কৃতির টান ভুলে যাননি মিশরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসের মাটিতেই তারা গড়ে তুলেছেন এক টুকরো বাংলাদেশ। বাংলা নববর্ষ উপলক্ষে নীলনদের ঢেউ যেন ছুঁয়ে গেলো বাংলা সংস্কৃতির আবেগ, ঐতিহ্য ও ভালোবাসাকে।
প্রাচীন সভ্যতার দেশটির রাজধানী কায়রোর মা’দী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি পরিবার গুলো ‘মা’দী লেডিস ক্লাব’-এর ব্যানারে একত্রিত হয়ে বরণ করে নিলো বাংলা নববর্ষকে।
বৈশাখের রঙিন পোশাক, পান্তা-ইলিশের আয়োজন, বাহারি পিঠা-পুলি ও লোকজ সংগীত—সব মিলিয়ে নীলনদের তীরবর্তী ‘লয়ার রিভার সাইড ক্লাব’ প্রাঙ্গণে যেন ফিরে এসেছিল চিরচেনা গ্রামীণ বাংলার আবহ। শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি এবং নানান খেলাধুলা পুরো আয়োজনকে করে তুলেছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।
বর্ষবরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অনেকেই জানান, ব্যস্ত প্রবাসজীবনের ফাঁকে এমন একটি দিন তাদের জীবনে ভিন্ন মাত্রার আনন্দ এনে দেয়। বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে মিলিত হয়ে তারা যেন কিছুক্ষণের জন্য ভুলে যান দূরত্বের বেদনা ও জীবনের ক্লান্তি। বিদেশের মাটিতে এমন আয়োজন কেবল উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি শেকড়ের সঙ্গে সংযোগ রক্ষার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব অপরিসীম।

প্রতি বছর পহেলা বৈশাখসহ বিভিন্ন উৎসব উপলক্ষে মা’দীতে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলো নানা আয়োজনের মাধ্যমে নিজেদের সংস্কৃতিকে জীবন্ত রাখার চেষ্টা করেন। নীলনদের তীরে বৈশাখের এই ঢেউ তাই শুধু একটি উৎসব নয়; এটি প্রবাসী হৃদয়ে বাংলাদেশেরই এক জীবন্ত প্রতিচ্ছবি।
এমআরএম
এডমিন 










