নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নে ১৭৭ জন নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণের অভিযোগে ১১ শিক্ষককে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত এক চিঠিতে সুপারিশ করা হয়। কেন্দ্রটির নাম কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়।
অভিযোগ রয়েছে, ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের পুরাতন প্রশ্নপত্রে ১৭৭ জন শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত দ্রুত পদক্ষেপ নেন। পরে পরীক্ষার্থীদের ১২৫ মিনিট পর নতুন সিলেবাস অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়া হয়। এতে ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ১ ঘণ্টা ৪০ মিনিট সময়ও প্রদান করা হয়।
ঘটনার পরপরই কেন্দ্র সচিব আব্দুল মতিন সরকারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে গত বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন বাহার স্বাক্ষরিত এক অফিস আদেশে কেন্দ্রের ১১ জন কক্ষ পরিদর্শককে এসএসসি পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি পাওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন শিউলী আক্তার, ফারজানা হোসেন স্বপ্না, মনোয়ারা বেগম, রওনক আরা বেগম, আনিসুর রহমান, ছানোয়ার বেগম, আব্দুল হামিদ, সুমাইয়া আক্তার, মোশারফ হোসেন, বদরুন নাহার ইভা ও মনিরুজ্জামান।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, দায়িত্ব অবহেলার কারণে ১১ শিক্ষককে এসএসসি পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।
মো. আকাশ/এফএ/এএসএম
এডমিন 










