ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আফরোজা খানম বলেন, আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক অ্যাভিয়েশন হাবে পরিণত করতে চাই। আপনাদের সবার সহযোগিতায় আমাদের সেই লক্ষ্য পূরণ হবে। আমরা আপনাদের যে কোনো ধরনের সহযোগিতা করতে সদা প্রস্তুত।
তিনি বলেন, আমরা অত্যন্ত গর্বের সঙ্গে একটি অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের শুভ উদ্বোধন করছি; যা আমাদের আকাশসীমাকে আরও নিরাপদ, দক্ষ এবং আন্তর্জাতিক মানে উন্নীত করবে।
অনুষ্ঠানে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম ৩৫০ নটিক্যাল মাইল পরিসরের সমন্বিত আকাশসীমা ব্যবস্থাপনার মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার জন্য উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি করবে। তথ্য আদান-প্রদানের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করে আমরা ধীরে ধীরে নিজেদের একটি আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছি।
এমএমএ/এমকেআর
এডমিন 












